১০ হাজার ইয়াবাসহ পুলিশ সদস্য গ্রেপ্তার
- আপডেট সময় : ০৯:৫১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
- / 388
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ১০ হাজার পিস ইয়াবাসহ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) বিশেষ শাখার এক সদস্যকে গ্রেপ্তার করেছে লোহাগাড়া থানা-পুলিশ। বুধবার (২০ আগস্ট) সকালে লোহাগাড়ার চুনতি এলাকায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত পুলিশ সদস্যের নাম মুনিরুল ইসলাম। তিনি সিএমপি’র বিশেষ শাখা (সিটিএসবি)-এর কোতোয়ালী জোনে কনস্টেবল পদে কর্মরত। তার গ্রামের বাড়ি কক্সবাজারের উখিয়ায়।
যেভাবে গ্রেপ্তার হলেন তিনি
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বুধবার সকালে মুনিরুল মোটরসাইকেলে করে চট্টগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন। এসময় চুনতি বনবিভাগ অফিসের সামনে টহলরত পুলিশ তার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালায়। তল্লাশির সময় তার কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার পরপরই মুনিরুলকে গ্রেপ্তার এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।





















