হাদিকে গুলি করেই উধাও: দুই ঘাতক সীমান্ত পেরিয়ে ভারতে
- আপডেট সময় : ১০:২২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 582
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে চলন্ত রিকশায় গুলি করে পালিয়ে যাওয়া দুই হামলাকারী ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হোসাইন শাহিদ একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে রোববার (১৪ ডিসেম্বর) যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছেন।
শনাক্ত হওয়া ওই দুই শুটার হলো ফয়সাল ও আলমগীর।
হোসাইন শাহিদ জানান, এই দুই শুটার শুক্রবার (১২ ডিসেম্বর) হামলার পরপরই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেলযোগে ভারতে পালিয়ে গেছে।
যেভাবে তারা সীমান্ত পার হলো
সূত্রের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই হামলাকারীরা প্রথমে একটি প্রাইভেট কারে করে মিরপুর থেকে আশুলিয়া এবং পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে প্রবেশ করে। ময়মনসিংহে পৌঁছে তারা সেই প্রাইভেট কারটি বদলে ফেলে।
হোসাইন শাহিদ আরও জানান, তারা অন্য একটি প্রাইভেট কারে করে হালুয়াঘাট উপজেলার ধারাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় তারা মোটরসাইকেলযোগে ভুটিয়াপাড়া সীমান্তে যায়।
সাংবাদিক শাহিদ আরও নিশ্চিত করেন, ওই দুইজনকে সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয় এবং সেদেশে আরেকজন ব্যক্তি তাদের রিসিভ করে নিয়ে যায়।
তদন্ত ও আটক
ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সীমান্ত এলাকায় অবস্থান করা আরও দুইজনকে পুলিশ আটক করেছে। তাদের কাছ থেকে শুটারদের পালানোর বিষয়ে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। তবে, স্থানীয় যে ব্যক্তি মোটরসাইকেলযোগে শুটারদের সীমান্তে পৌঁছে দিয়েছিল, পুলিশ তাকে এখনও আটক করতে পারেনি।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকার পুরানা পল্টনে নির্বাচনি প্রচারণাকালে শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
















