ফরিদপুরে ওজোপাডিকো’তে প্রথমবারের মতো ১২ দফা দাবিতে শিল্প বিরোধ উত্থাপন
- আপডেট সময় : ০৬:৪৬:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 119
বৃহত্তর ফরিদপুরের পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ -এর পক্ষ থেকে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে (ওজোপাডিকো) প্রথমবারের মতো ১২ দফা দাবি সম্বলিত শিল্প বিরোধ উত্থাপন সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে ফরিদপুর শহরের গোয়ালচামটস্থ ওজোপাডিকো হলরুমে এই শিল্প বিরোধ উত্থাপন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন-সিবিএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর জেলা কমিটির সভাপতি খন্দকার আব্দুল আউয়াল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ আনোয়ার হোসেন।
পুঞ্জীভূত সমস্যা সমাধানের দাবি:
শিল্প বিরোধ উত্থাপন সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ওজোপাডিকো গঠিত হওয়ার পর থেকে এখানে কর্মরত সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্ন সমস্যা দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়ে আছে। দীর্ঘদিনেও এসব সমস্যা সমাধানের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। এর ফলে এটি স্পষ্ট যে, ওজোপাডিকো-তে বর্তমানে তীব্র শিল্প বিরোধ বিদ্যমান রয়েছে।
নেতৃবৃন্দ উল্লেখ করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শ্রম অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক ঘোষিত একমাত্র যৌথ দর-কষাকষি প্রতিনিধি (CBA) হিসেবে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সংযুক্ত ১২ দফা সম্বলিত এই শিল্প বিরোধ আনুষ্ঠানিকভাবে উত্থাপন করেছে।
কাজের ক্ষতি না করে আন্দোলন:
চলতি জুন মাসকে বিদ্যুৎ বিল কালেকশনের মাস উল্লেখ করে বক্তারা আরও বলেন, “আমরা প্রশাসনের কোনো কাজের ক্ষতি না করে এই কর্মসূচি পালন করছি। যাদের এই মুহূর্তে অফ-ডিউটি বা কোনো অফিশিয়াল কাজ নেই, শুধু তারাই আজকের এই শিল্প বিরোধ আলোচনায় অংশগ্রহণ করেছেন। আর যারা অন-ডিউটি আছেন, তারা নিজ নিজ দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে আমাদের সাংগঠনিক বার্তাগুলো তাদের কাছে পৌঁছে দেওয়া হবে।” তারা আশা প্রকাশ করেন, যৌক্তিক দ্বি-পক্ষীয় ও ত্রি-পক্ষীয় আলোচনা সভার মাধ্যমেই এই শিল্প বিরোধের সকল সমস্যা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব হবে।
উপস্থিত নেতৃবৃন্দ:
উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন সিবিএ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান তুহিন, সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ার হোসেন, ফরিদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. শেখ নাজিম, শরীয়তপুর জেলা কমিটির সভাপতি সালেহ আহমেদ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
এছাড়া গোপালগঞ্জ জেলা কমিটির সভাপতি আশরাফ হোসেন ও সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, রাজবাড়ী জেলা কমিটির সভাপতি তোফাজ্জল হোসেন এবং মাদারীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক মোস্তফা কামালসহ বিভিন্ন অঞ্চলের শ্রমিক কর্মচারী নেতৃবৃন্দ সভায় অংশ নেন।




















