ফরিদপুরে মালয়েশিয়া ফেরত যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৮:১৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- / 88
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় আমির শেখ (২৪) নামের এক বিদেশ ফেরত যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার (২৫ ২৫ জুন) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার ঘোষপুর ইউনিয়নের পাইকহাটি গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আমির শেখ পাইকহাটি গ্রামের সিরাজ শেখের ছেলে। আর্থিক সংকট ও ঋণের বোঝা সইতে না পেরেই তিনি এই চরম পথ বেছে নিয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পরিবার।
বিদেশ থেকে ফিরে মানসিক বিপর্যয়:
পারিবারিক সূত্রে জানা গেছে, আমির শেখ দীর্ঘ নয় মাস সৌদি আরবে অবস্থান করার পর প্রায় সাত-আট মাস আগে দেশে ফিরে আসেন। প্রবাস থেকে ফেরার পর থেকেই তিনি তীব্র আর্থিক সংকট ও ঋণের চাপ নিয়ে প্রচণ্ড মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। এই পারিবারিক ও আর্থিক টানাপোড়েন নিয়ে গতকাল বুধবারও স্ত্রী ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার কথা কাটাকাটি এবং ঝগড়া হয়।
বন্ধ ঘর থেকে লাশ উদ্ধার:
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার সকালে আমির শেখ নিজের শোবার ঘরেই অবস্থান করছিলেন। একপর্যায়ে তার বোন মোবাইল ফোনের চার্জার খুঁজতে গিয়ে আমিরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। বেশ কয়েকবার ডাকাডাকি করেও ঘরের ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার করেন এবং স্থানীয় লোকজনকে খবর দেন। পরে প্রতিবেশীরা এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখতে পান, আমির ঘরের আড়ার সঙ্গে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে নিচে নামিয়ে আনলেও ততক্ষণে তার মৃত্যু হয়। খবর পেয়ে বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আহাদুজ্জামান পুলিশ ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তিনি মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন এবং ময়নাতদন্তের জন্য লাশ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠান।
তদন্তে পুলিশ:
বোয়ালমারী থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রাথমিক তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলাসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



















