স্টুডিওতে ছবি তুলতে গিয়ে মাদ্রাসাছাত্রী ধর্ষিত
- আপডেট সময় : ১২:১১:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫
- / 662
গাজীপুরের ভোগড়ায় একটি স্টুডিওতে ছবি তুলতে গিয়ে পঞ্চম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে স্টুডিওর এক কর্মচারীকে আটক করেছে পুলিশ।
আজ রোববার সন্ধ্যায় স্টুডিও ঝিলিকে এ ঘটনা ঘটেছে। অভিযুক্ত স্টুডিওর কর্মচারী হাসানের বাড়ি পটুয়াখালীর নৌমালা এলাকায়। তার বাবার নাম আবুল হোসেন।
ওই মাদ্রাসাছাত্রীর বাবা জানান, মাদ্রাসার কাজের জন্য তার মেয়ে সন্ধ্যা ৭টার দিকে ওই স্টুডিওতে ছবি তুলতে যায়। কিন্তু আধা ঘণ্টা হয়ে গেলেও মেয়ে বাসায় ফিরে না আসায় তিনি নিজেই ওই স্টুডিওতে যান। স্টুডিওর মালিক সেখানে ছিলেন না। পরে তিনি তার মেয়েকে উদ্ধার করেন। এসময় স্টুডিও কর্মচারী হাসানকে আটকে বাসন থানায় খবর দিলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাসানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।





















