ফরিদপুরে ট্রাকচাপায় নারীর মৃত্যু, চালক পলাতক
- আপডেট সময় : ০২:৫৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- / 226
ফরিদপুরের সদরপুর উপজেলায় মাটি ভরাটের কাজ তদারকি করতে গিয়ে ট্রাকচাপায় রিজনা বেগম (৪৫) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৮ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চরমানাইর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, রিজনা বেগমের নিজ জমিতে মাটি ভরাটের কাজ চলছিল। রাতে ট্রাক ভর্তি বালু ফেলতে আসলে রিজনা বেগম তদারকির জন্য বাইরে আসেন। বালু ফেলা শেষে ট্রাক ঘোরানোর সময় পিছনে দাঁড়িয়ে থাকা রিজনা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় ঘাতক ড্রাইভার সোহেল মাতুব্বর ও কন্ট্রাক্টর রিংকু খান ট্রাক রেখে পালিয়ে যায়।
নিহতের স্বামী বাচ্চু মাতুব্বর জানান, আমার স্ত্রী রিজনা বালু ভরাটের কাজ তদারকি করতে গেলে ট্রাকে অর্ধেক বালু থাকায় ড্রাইভার সোহেল মাতুব্বর ও কন্ট্রাক্টর রিংকু খানের সাথে তার (রিজনা) কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে আমার স্ত্রীকে ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে অভিযুক্তদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আ: মোতালেব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের স্বামী বাচ্চু বেপারী বাদী হয়ে সদরপুর থানায় ট্রাকের মালিক, ড্রাইভার ও কন্ট্রাক্টারসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শেষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে





















