সিগারেট প্রেমীদের জন্য দুঃসংবাদ: সামান্য ভুলেই দিতে হবে ৫০০০ টাকা জরিমানা
- আপডেট সময় : ১২:৩৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬
- / 942
জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন আরও কঠোর করেছে সরকার। এখন থেকে শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলার মাঠ ও শিশুপার্কের ১০০ মিটারের মধ্যে সিগারেট বা কোনো ধরণের তামাকজাত দ্রব্য বিক্রি করা যাবে না। এই বিধান লঙ্ঘন করলে জেল-জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি।
অধ্যাদেশের বিস্তারিত:
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে এই গুরুত্বপূর্ণ অধ্যাদেশটি জারি করা হয়। ২০০৫ সালের মূল আইনটি সংশোধন করে এই নতুন নিয়ম যুক্ত করা হয়েছে।
নতুন অধ্যাদেশ অনুযায়ী, কোনো ব্যক্তি উল্লেখিত গুরুত্বপূর্ণ স্থানগুলোর ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি করতে পারবেন না এবং অন্য কাউকে দিয়েও বিক্রি করাতে পারবেন না। সরকার বা স্থানীয় প্রশাসন প্রয়োজনে বিশেষ আদেশের মাধ্যমে এই সীমানার পরিধি আরও বাড়াতে পারবে।
শাস্তির বিধান:
আইন অমান্যকারীদের জন্য রাখা হয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা। অধ্যাদেশে বলা হয়েছে:
প্রথমবার এই বিধান লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ৫ হাজার টাকা জরিমানা করা হবে।
একই অপরাধ দ্বিতীয়বার বা বারবার করলে প্রতিবারের জন্য দ্বিগুণ হারে অর্থদণ্ড বা শাস্তি ভোগ করতে হবে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা মনে করছেন, স্কুল ও হাসপাতালের আশপাশে তামাক পণ্যের সহজলভ্যতা কমাতে এই সিদ্ধান্ত তরুণ প্রজন্মকে ধূমপান থেকে দূরে রাখতে বড় ভূমিকা পালন করবে।





















