রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী নেতারা আটক
- আপডেট সময় : ০৩:১৩:২৭ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫
- / 362
ভারতের রাজধানী দিল্লিতে নির্বাচনী কমিশনের নিরপেক্ষতা নিয়ে বিক্ষোভ চলাকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী ভদ্রা-সহ বেশ কয়েকজন বিরোধী দলীয় সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। আজ সোমবার সকালে পার্লামেন্ট ভবনের সামনে এই ঘটনা ঘটে।
বিক্ষোভের কারণ
এনডিটিভি’র খবর অনুযায়ী, শাসকদল বিজেপি এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে আঁতাতের অভিযোগে এই বিক্ষোভ শুরু হয়। বিরোধীরা অভিযোগ করছে যে, বিজেপি ভোটার তালিকা জালিয়াতি করে এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করে নির্বাচনে কারচুপির চেষ্টা করছে। এই অভিযোগ প্রথম জোরালো হয় গত বছর মহারাষ্ট্র নির্বাচনের পর।
কংগ্রেস নেতৃত্বাধীন ‘ইন্ডিয়া’ জোট আজ সকালে নির্বাচন কমিশনের দপ্তরের দিকে মিছিল করার পরিকল্পনা করেছিল। কিন্তু তার আগেই পুলিশ সংসদ ভবনের আশপাশের সড়ক বন্ধ করে ব্যারিকেড ও বিপুল সংখ্যক নিরাপত্তাকর্মী মোতায়েন করে বিক্ষোভকারীদের ঘিরে ফেলে।
পুলিশের পদক্ষেপ ও নেতাদের অভিযোগ
দিল্লি পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যান চলাচল নিশ্চিত করতে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। তবে বিরোধী নেতারা অভিযোগ করেছেন, সরকার শান্তিপূর্ণ আন্দোলন দমন করতে চাইছে এবং নির্বাচন কমিশনকে প্রভাবিত করছে।
আটকৃতদের মধ্যে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী ছাড়াও শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী)-এর নেতা সঞ্জয় রাউত-এর মতো বেশ কয়েকজন নেতা রয়েছেন। এই ঘটনার জেরে সংসদের উভয় কক্ষই দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়।


























