২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান
- আপডেট সময় : ১০:৩৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 282
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন। দীর্ঘ প্রায় ১৭ বছর পর যুক্তরাজ্য থেকে তার দেশে ফেরার এই খবরটি নিশ্চিত করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়। বৈঠকে তারেক রহমান লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
রাত সাড়ে ৯টার দিকে শুরু হওয়া বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন। তার এ আগমনকে আমরা শুধু স্বাগত নয়, আনন্দের সঙ্গে জানাচ্ছি।”
তিনি আরও জানান, তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তের পাশাপাশি বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। মির্জা ফখরুল এ প্রসঙ্গে বলেন, লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের একটি বৈঠক হয়েছিল এবং সেখানেই নির্বাচনের সময় সম্পর্কে আলোচনা হয়েছিল।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ দলের অন্যান্য জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে প্রত্যাবর্তন
প্রসঙ্গত, তারেক রহমান ২০০৭ সালে এক-এগারোর পটপরিবর্তনের পর গ্রেপ্তার হন। ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর তিনি চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার যুক্তরাজ্যে যান এবং এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।
গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশে তারেক রহমানের বিরুদ্ধে থাকা বিভিন্ন মামলায় সাজার রায় বাতিল এবং কিছু মামলায় তিনি আইনি প্রক্রিয়ায় অব্যাহতি পান। এর ফলে তার দেশে ফেরার পথ সুগম হয়।

























