তিন নারীসহ মাঝরাতে আটক ইউপি চেয়ারম্যান
- আপডেট সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / 80
গাইবান্ধার সাঘাটায় অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে তিন নারীসহ এক ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, ইউপি সদস্য ও এক প্রধান শিক্ষককে আটক করেছে বিক্ষুব্ধ জনতা। পরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’-এ কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গতকাল শুক্রবার (২৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার কচুয়া হাট এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনাটি নিয়ে পুরো জেলাজুড়ে ব্যাপক তোলপাড় ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটকদের পরিচয়:
গণপিটুনি ও জনতার হাত থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরা হলেন— সাঘাটার কচুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান হাবিব লায়ন (৫৫), ইউপি সদস্য আহসান আলী এবং মুন্সিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব মিয়া (৫০)। এছাড়া তাদের সঙ্গে থাকা আনুমানিক ২৫ থেকে ৩০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় আরও তিন নারীকে আটক করা হয়।
মাঝরাতে বাড়ি ঘেরাও করল জনতা:
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার কচুয়া হাট এলাকায় ইউপি চেয়ারম্যান আহসান হাবিব লায়নের একটি ব্যক্তিগত বাড়ি রয়েছে। দীর্ঘদিন ধরে ওই বাড়িতে নানা ধরণের অসামাজিক কর্মকাণ্ডের আসর বসত বলে স্থানীয়দের অভিযোগ। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ওই বাড়িতে তিন তরুণী আসেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় প্রতিবেশীদের মনে সন্দেহের সৃষ্টি হয়।
ধীরে ধীরে খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে ১২টার দিকে আশপাশের শত শত উত্তেজিত জনতা জড়ো হয়ে বাড়িটি চারপাশ থেকে ঘিরে ফেলে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা ঘরের ভেতর প্রবেশ করে তিন নারীসহ ইউপি চেয়ারম্যান ও তার সহযোগীদের আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটকে করে।
তদন্তে নেমেছে পুলিশ:
পরিস্থিতি বেগতিক দেখে স্থানীয় সচেতন ব্যক্তিরা তাৎক্ষণিক ‘৯৯৯’-এ কল দিলে সাঘাটা থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে তারা উত্তেজিত জনতার রোষানল থেকে তিন নারী ও তিন পুরুষসহ মোট ছয়জনকে অক্ষত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাইবান্ধার সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, “তিন নারী ও তিন পুরুষকে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। বর্তমানে তারা পুলিশি পাহারায় আছেন। পুরো ঘটনাটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”




















