গাড়ি কারখানায় ২০ লাখ টাকা চাঁদাবাজি, যুবদলের যুগ্ম সম্পাদক গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৫৪:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
- / 173
মীরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত একটি গাড়ি উৎপাদনকারী কারখানায় ২০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ উঠেছে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগের বিরুদ্ধে।
সোমবার রাত ১টায় জোরারগঞ্জ থানা ও স্পেশাল পুলিশ তাকে গ্রেফতার করে। মঙ্গলবার বেলা ১১টায় তাকে আদালতে প্রেরণ করা হয়।
চাঁদাবাজি ও হামলার মামলা
চাঁদাবাজি এবং হামলার ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রধান আসামি শওকত আকবর সোহাগ। তিনি মীরসরাই উপজেলার কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার মৃত মফিজুর রহমানের ছেলে।
অভিযোগ ও ঘটনার বিবরণ
মঙ্গলবার বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে শওকত আকবর সোহাগকে প্রধান আসামি করে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন।
মামলার সূত্রে জানা গেছে, সোমবার বিকেল ৫টার দিকে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানায় ঢুকে চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো. শওকত আকবর সোহাগের নেতৃত্বে ৮-১০টি মোটরসাইকেলে করে ৮-১০ জন সন্ত্রাসী এসে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন।
কারখানার জেনারেল ম্যানেজার হাসিবুল হাসান চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তারা হাসিবুল হাসান ও প্রজেক্ট ম্যানেজার আব্দুস সামাদসহ কর্মীদের মারধর করে গুরুতর জখম করেন। হামলাকারীরা হাসিবুল হাসানের পকেট থেকে ৫০ হাজার টাকা নিয়ে যায় এবং চাঁদা না দিলে প্রাণনাশের হুমকি দেয়।
পুলিশ ও স্থানীয় নেতাদের বক্তব্য
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বির মোহাম্মদ সেলিম বলেন, “জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত বাংলাদেশ অটো ইন্ডাস্ট্রিজের কারখানায় হামলা ও চাঁদাবাজির ঘটনায় প্রতিষ্ঠানের পরিচালক কামরুল হোসাইন বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। প্রধান আসামি শওকত আকবর সোহাগকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।”
মীরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল আউয়াল চৌধুরী বলেন, “শওকত আকবর সোহাগ দীর্ঘদিন ধরে শিল্পজোনে ঠিকাদারি ব্যবসার সঙ্গে যুক্ত। আমি এখনো পুরো ঘটনা জানি না, খোঁজখবর নিচ্ছি। তবে চাঁদাবাজির অভিযোগ আমার বিশ্বাসহীন, কারণ তার অতীতে এমন কোনো রেকর্ড নেই।”
চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এসএম মুরাদ চৌধুরী জানান, “সোশ্যাল মিডিয়ায় সকাল থেকে শওকত আকবর সোহাগের বিষয়ে খবর দেখছি, তবে দায়িত্বশীল সূত্র থেকে ঘটনার সত্যতা নিশ্চিত করতে পারিনি। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান রেখেছেন।”





















