থানা থেকে ‘হারিয়ে গেছেন’ পুলিশ ইন্সপেক্টর
- আপডেট সময় : ০৮:৩৩:০৬ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
- / 372
শরীয়তপুরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান ২৪ এপ্রিল সন্ধ্যার পর থেকে থানা অনুপস্থিত। পুলিশ জানায়, মায়ের অসুস্থতার কথা বলে তিনি থানায় বিদায় নিয়েছিলেন। তবে এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না। তার সরকারি ও ব্যক্তিগত ফোন নম্বর দুটোই বন্ধ।
আলোচিত মানবতাবিরোধী মামলায় ২৭ নম্বর আসামি
গত বছর ঢাকার আশুলিয়ায় আন্দোলন চলাকালে পুলিশের গুলিতে ৬ জন নিহত হন, এবং তাদের মরদেহ থানা চত্বরে ভ্যানে পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে। শহীদ সাজ্জাদ হোসেন সজলের মা শাহীনা বেগম এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যেখানে ৪০ জনকে আসামি করা হয়। মামলার ২৭ নম্বর আসামি মাসুদুর রহমান, যিনি তখন আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছিলেন।
গ্রেপ্তার আতঙ্কেই ‘আত্মগোপন’?
থানা ও অন্যান্য পুলিশি সূত্র মতে, ২৮ এপ্রিল ছিল মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন। সেই আগাম বার্তায় গ্রেপ্তার এড়াতে মাসুদুর রহমান হয়তো আত্মগোপনে গিয়েছেন। এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ প্রশাসনের অভ্যন্তরে বিষয়টি নিয়ে চরম চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
“তিনি কোথায়, জানি না” — পুলিশ সুপার
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, মাসুদুর রহমান কর্মস্থলে অনুপস্থিত। অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভির হোসেন জানান, “তিনি কোথায় আছেন তা আমরা জানি না। মামলা সম্পর্কেও আমাদের কাছে কোনো কাগজপত্র আসেনি।” পালং থানায় গিয়ে দেখা গেছে, তার কক্ষ তালাবদ্ধ। থানার ওসির ভাষ্য, “সে বলেছিল তার মা অসুস্থ, তারপর থেকে আর ফিরে আসেনি।”





















