দুর্নীতি রুখতে তথ্য অধিকার আইন: ফরিদপুরে বিশেষ ওরিয়েন্টেশন
- আপডেট সময় : ১২:৪১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬
- / 297
সুশাসন প্রতিষ্ঠায় দুর্নীতি প্রতিরোধের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর উদ্যোগে গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ফরিদপুরের আয়োজনে ৫০ জন প্রশিক্ষণার্থীকে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ক ওরিয়েন্টেশন প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৫ মে) ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরে এই ওরিয়েন্টেশন সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে একসাথে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
আলোচনা ও আইনের গুরুত্ব:
ফরিদপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. মঈনূল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সনাক সদস্য মো: হাসানউজ্জামান, মো: মাহবুবুর রহমান এবং মঞ্জু আরা স্বপ্না।
স্বাগত বক্তব্যে সনাক সদস্য মাহবুবুর রহমান বলেন, “তথ্য অধিকার আইন-২০০৯ জনগনের তথ্য পাওয়ার জন্য একটি সময়োপযোগী আইন, কিন্তু অধিকাংশ মানুষই এটি সম্পর্কে জানেন না। আজকের এই আয়োজনের মাধ্যমে নাগরিকরা কীভাবে সরকারি দপ্তর থেকে সঠিক নিয়মে তথ্য চাইতে পারবেন, তা পরিষ্কার হবে।”
সনাক সদস্য মঞ্জু আরা স্বপ্না অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সরকারি দপ্তর থেকে তথ্য পাওয়া জনগণের অধিকার।
কর্মশালায় বিস্তারিত উপস্থাপন:
অনুষ্ঠানে টিআইবি-এর এরিয়া কো-অর্ডিনেটর গোলাম মোস্তফা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য অধিকার আইনের ঐতিহাসিক প্রেক্ষাপট, তথ্য পাওয়ার প্রক্রিয়া, আপিল করার পদ্ধতি এবং তথ্য কমিশনে অভিযোগ দায়েরের প্রক্রিয়া বিস্তারিত তুলে ধরেন।
সভাপতির বক্তব্য ও শপথ:
সমাপনী বক্তব্যে যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক এ. এস. এম. মঈনূল আহসান অবাধ তথ্য প্রদানের মাধ্যমে দুর্নীতি হ্রাসের ওপর জোর দেন। তবে তিনি হয়রানির উদ্দেশ্যে অপ্রয়োজনে তথ্য না চাওয়ার জন্য সকলকে অনুরোধ করেন।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করেন এবং প্রশিক্ষণার্থীদের তথ্য অধিকার আইনের ‘ফরম-ক’ পূরণের বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সিনিয়র প্রশিক্ষক এম. এম. আবুল কালাম আজাদ, সনাক সদস্য এবং ইয়েস (YES) গ্রুপের সদস্যরা।






















