জামায়াতের কাছে ৪০ ভোটে হার: বিএনপি নেতাকে পেটালেন কৃষক দল নেতা
- আপডেট সময় : ০৪:০১:১০ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 332
কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের রাজাপুর ইউনিয়নে নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাচোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের চেয়ে দাঁড়িপাল্লা প্রতীক ৪০ ভোট বেশি পাওয়ায় ক্ষুব্ধ হয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামানকে পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে কৃষক দল নেতার বিরুদ্ধে।
এই ঘটনায় অভিযুক্ত কৃষক দল নেতা বেলায়েত হোসেন বিল্লালকে প্রধান আসামি করে ১৫ ফেব্রুয়ারি (রোববার) কুমিল্লা আদালতে মামলা দায়ের করেছেন আহত নেতার মেয়ে মানসুরা জান্নাত।
ভোটের ব্যবধানে ক্ষোভ, অতর্কিত হামলা স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার নির্বাচনের ফলাফল ঘোষণার পর সন্ধ্যায় পাচোড়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এই হামলার ঘটনা ঘটে। স্থানীয় বিএনপি কর্মীদের দাবি, ওই কেন্দ্রে ঐতিহাসিকভাবে বিএনপি কখনো হারেনি। এবারই প্রথম জামায়াতের কাছে পরাজিত হওয়ায় তারা ক্ষুব্ধ হন। তাদের অভিযোগ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গাজী মনিরুজ্জামান নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় না করে নিজের ইচ্ছেমতো নির্বাচন পরিচালনা করায় এই ভরাডুবি হয়েছে।
হাসপাতালে আহত নেতা, আদালতে মামলা হামলায় গুরুতর আহত গাজী মনিরুজ্জামানকে বর্তমানে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি অভিযোগ করেন, কৃষক দল নেতা বিল্লাল হোসেন আগে থেকেই তাকে রাজনীতি করতে না দেওয়ার হুমকি দিয়ে আসছিলেন। নির্বাচনের ফলাফলকে অজুহাত হিসেবে ব্যবহার করে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
এদিকে মামলার প্রধান আসামি কুমিল্লা দক্ষিণ জেলা কৃষকদলের সহ-সভাপতি বেলায়েত হোসেন বিল্লাল হামলার অভিযোগ অস্বীকার করে বলেন:
“ইউনিয়ন বিএনপির গাফিলতির কারণেই আমাদের নিশ্চিত বিজয় হাতছাড়া হয়েছে। ওইদিন সন্ধ্যায় কিছু ছেলেপেলে তাকে ধাওয়া করেছিল, কিন্তু আমি এই ঘটনার সঙ্গে জড়িত নই। আমাকে উদ্দেশ্যমূলকভাবে আসামি করা হয়েছে।”
দলীয় ও আইনি প্রতিক্রিয়া বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কবির হোসেন জানিয়েছেন, তিনি বিষয়টি শুনেছেন এবং স্থানীয় নেতাদের মাধ্যমে বিষয়টি মীমাংসার চেষ্টা করছেন।
অন্যদিকে, বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লুৎফুর রহমান জানান, উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে রাজাপুরের এই হামলার বিষয়ে পুলিশকে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি।





















