নিজ ঘরে নারী আনসার সদস্য খুন
- আপডেট সময় : ১২:৫৭:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০২৩
- / 220
বগুড়ার শিবগঞ্জে পুজা মণ্ডপে ডিউটি শেষে বাড়ি ফিরে খুন হয়েছেন আশা রানী মোহন্ত (২৮) নামের এক আনসার ভিডিপি সদস্য।
সোমবার (২৩ অক্টোবর) রাত ১১টার পরে নিজ ঘরে খুন হন তিনি।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ এতথ্য নিশ্চিত করেছেন।
আশা রানী শিবগঞ্জ পৌর এলাকার বানাইল মহল্লার ভজন কুমার মোহন্তের স্ত্রী।
আশা রানীর শাশুড়ি সুপ্রীতি রানী মোহন্ত জানান, তার ছেলের বউ বানাইল উত্তরপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। সোমবার রাত ১১টার দিকে পূজা মণ্ডপ থেকে আশা রানী বাড়িতে যান। এসময় আমি পূজা মণ্ডপে ছিলাম এবং আমার ছেলে তার মুদি দোকানে ছিল। রাত ১২টার দিকে বাড়িতে গিয়ে সোফার ওপরে আশা রানীকে পড়ে থাকতে দেখি। খবর পেয়ে ছেলে এসে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আকতার বলেন, মৃতদেহের মুখে এবং গলায় আঘাতের চিহ্ন দেখা গেছে। পড়নে জিন্সের প্যান্ট এবং কমিজ পড়া ছিল। কানের একটি দুল সোফার নিচে পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাড়িতে আশা রানী একা থাকার সুযোগে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে গেছে।
ওসি আবদুর রউফ বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা হবে।





















