মুড়ি-ভর্তা খেয়ে বেরিয়ে গেল, ফিরল লাশ হয়ে—মাদকাসক্ত রায়হানকে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ১০:৩৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ৫ মে ২০২৫
- / 376
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর কুকরাইল গ্রামে সোমবার সকালে এক ডোবা থেকে রায়হান (২৮) নামে এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত রায়হান মাদকাসক্ত ও হত্যা মামলার আসামি ছিলেন।
একাধিক কোপের চিহ্ন, ময়নাতদন্তে পাঠানো হয়েছে মরদেহ
পুলিশ জানায়, নিহত রায়হানের শরীরে একাধিক স্থানে ধারালো অস্ত্রের কোপের চিহ্ন রয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে। হত্যাকাণ্ড নিয়ে মামলার প্রস্তুতি চলছে।
মাদকাসক্ত রায়হান, একাধিক মামলার আসামি
রায়হানের বিরুদ্ধে একটি হত্যা মামলাসহ একাধিক মামলা ছিল। তিনি নিয়মিত মাদক সেবন করতেন এবং মাদক বিক্রির সঙ্গেও যুক্ত ছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা।
স্ত্রীর ভাষ্যে রাতের শেষ দৃশ্য
রায়হানের স্ত্রী মুন্নি জানান, “রোববার রাত ২টার দিকে সে নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে মুড়ি আর ভর্তা খেয়ে আবার বেরিয়ে যায়। তারপর আর ফেরেনি।”
পুলিশের বক্তব্য
কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং রায়হানের লাশ উদ্ধার করি। এটি একটি পরিকল্পিত হত্যা বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”




















