ফরিদপুরে সেনা-পুলিশের জালে ৩ শীর্ষ মাদক কারবারি: মিলল বিপুল চালান
- আপডেট সময় : ০১:৩৩:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
- / 1161
ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার দক্ষিণ কামারগ্রাম এলাকায় মাদকবিরোধী অভিযানে তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী ও পুলিশের যৌথ বাহিনী। বৃহস্পতিবার (২৬ জুন) ভোর সাড়ে ৪টায় পরিচালিত এই অভিযানে ৩ কেজি গাঁজা, ১৭টি ইয়াবা ট্যাবলেট, ৫টি মোবাইল ফোন এবং গাঁজা সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়।
স্থানীয়দের গোপন তথ্যের ভিত্তিতে বোয়ালমারী সেনা ক্যাম্পের একটি টহল দল পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে মুরাদ হোসেন (৩৭), রিপন শেখ (৪০) এবং নিলা বেগম (৪০) নামে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে স্থানীয়ভাবে মাদক সরবরাহ করে আসছিলেন।
পুনরায় মাদকের কারবারে রিপন শেখ
আটককৃতদের মধ্যে রিপন শেখ মাদক সংশ্লিষ্ট অপরাধে এর আগেও একাধিকবার অভিযুক্ত হয়েছিলেন। সর্বশেষ গত ৩ মার্চ ২০২৫ তারিখে বোয়ালমারী সেনা ক্যাম্পের পরিচালিত একটি অভিযানে তিনি গ্রেপ্তার হয়েছিলেন। কারাভোগের পর সম্প্রতি মুক্তি পেয়েই তিনি আবারও মাদক কারবারে জড়িয়ে পড়েন বলে জানা গেছে।
আটককৃত ব্যক্তিদের এবং তাদের কাছ থেকে উদ্ধার করা মাদক ও সরঞ্জামাদি বোয়ালমারী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সেনাবাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি
সেনা সূত্র মতে জানা যায়, অবৈধ অস্ত্র, মাদক, চাঁদাবাজি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সেনাবাহিনীর ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। অপরাধ দমনে সেনা ক্যাম্পগুলোকে প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে সহায়তা করার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।




















