বিএনপি কার্যালয়ে আওয়ামী লীগের হামলা: চুরমার শহীদ জিয়ার ছবি
- আপডেট সময় : ০৭:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / 634
গাজীপুরের গাছা এলাকায় ব্যবসা নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বিএনপি কার্যালয় এবং এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এই নজিরবিহীন তাণ্ডবের অভিযোগ উঠেছে। হামলায় বিএনপি কার্যালয়ের আসবাবপত্রসহ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের ছবি ভাঙচুর করা হয়। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে।
হামলার নৃশংসতা:
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগ নেতা শিবলুর নেতৃত্বে ৭০-৮০ জনের একটি সশস্ত্র দল গাছা থানা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. শাহীন মিয়ার ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা দেশীয় অস্ত্র নিয়ে দোকানে ব্যাপক ভাঙচুর চালানোর পর পাশের বিএনপি কার্যালয়ে ঢুকে তাণ্ডব শুরু করে।
টাকা ও মালামাল লুট:
ভুক্তভোগী বিএনপি নেতা শাহীন মিয়ার দাবি, হামলাকারীরা তার দোকান থেকে নগদ প্রায় ৭ লাখ টাকা, একটি ৫৬ ইঞ্চি টেলিভিশনসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। শাহীন মিয়া জানান, তিনি বৈধ লাইসেন্স নিয়ে ইন্টারনেট ব্যবসা পরিচালনা করলেও একটি প্রভাবশালী মহল তা দখলের চেষ্টা চালিয়ে আসছিল। তাদের দাবি না মানায় এই হামলা ও লুটপাট চালানো হয়েছে।
ঘটনার নেপথ্যে ঝুট ব্যবসা:
স্থানীয়দের ভাষ্যমতে, পোশাক কারখানার ঝুট ব্যবসা এবং ইন্টারনেট সংযোগের নিয়ন্ত্রণ নিয়ে আওয়ামী লীগের একটি চক্র দীর্ঘদিন ধরে এলাকায় অস্থিরতা সৃষ্টি করছিল। নিষিদ্ধ সংগঠন হওয়া সত্ত্বেও তাদের এমন বেপরোয়া হামলায় সাধারণ মানুষের মনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশের পদক্ষেপ:
ঘটনার খবর পেয়ে গাছা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ আলামত জব্দ করা হয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, প্রাথমিকভাবে ব্যবসা সংক্রান্ত বিরোধের তথ্য পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




















