ফরিদপুরে পবিত্র কবরস্থানে দুর্বৃত্তদের আগুন: থানায় অভিযোগ
- আপডেট সময় : ১২:৫৮:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
- / 235
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় একটি সামাজিক কবরস্থানে গভীর রাতে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া এই আগুনে কবরস্থানের ভেতরে থাকা গাছপালা এবং কবরের ওপর গজিয়ে ওঠা ছনগাছ ও ঝোপঝাড় পুড়ে ছাই হয়ে গেছে। এই নজিরবিহীন ঘটনায় স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
সোমবার (২৯ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের কুচিয়াগ্রাম-নওয়াপাড়া ঈদগাহ কবরস্থানে এই নিন্দনীয় ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
গভীর রাতে আগুন, সকালে এলাকাবাসীর ক্ষোভ
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার গভীর রাতে অন্ধকার সুযোগ নিয়ে একদল দুর্বৃত্ত কুচিয়াগ্রাম-নওয়াপাড়া ঈদগাহ কবরস্থানের ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়। আগুনে কবরের ওপর জন্মানো ছনগাছ, বিভিন্ন ঝোপঝাড় ও বেশ কয়েকটি গাছপালা পুড়ে যায়।
পরদিন মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা কবরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় ভেতরে পোড়া অংশ ও ক্ষয়ক্ষতি দেখতে পান। তাৎক্ষণিকভাবে বিষয়টি কবরস্থান পরিচালনা কমিটিকে জানানো হলে পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ
এলাকাবাসীর অভিযোগ, কবরস্থান একটি ধর্মীয় ও সামাজিকভাবে অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ স্থান। সেখানে এভাবে পরিকল্পিতভাবে আগুন দেওয়ার ঘটনা শুধু প্রাকৃতিক সম্পদের ক্ষতিই নয়, বরং স্থানীয় মানুষের ধর্মীয় অনুভূতিতে চরম আঘাত হেনেছে।
কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি মো. মোরাদ হোসেন তালুকদার ও সাধারণ সম্পাদক সৈয়দ ইকবাল আলী যৌথভাবে মঙ্গলবার (৩০ জুন) আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। কমিটির সভাপতি মোরাদ হোসেন তালুকদার বলেন, “কবরস্থানের মতো পবিত্র স্থানে আগুন দেওয়ার ঘটনা অত্যন্ত জঘন্য ও নিন্দনীয়। আমরা প্রশাসনের কাছে জোর দাবি জানাই, তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
তদন্তে নেমেছে পুলিশ
অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান বলেন, “কবরস্থানে আগুন দেওয়ার ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি। ধর্মীয় অনুভূতি ও সামাজিক শান্তি বিনষ্টের এই ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”



















