মধুখালীর বেঙ্গল চারকোলে ডাকাতি: কানাইপুরের ৪ ডাকাত গ্রেফতার
- আপডেট সময় : ০৬:২১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 97
ফরিদপুরের মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ধোপাগাতি এলাকায় অবস্থিত ‘বেঙ্গল চারকোল লিমিটেড’ কারখানায় সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে মধুখালী থানা পুলিশ।
গতকাল বুধবার (১৭ জুন) রাতে জেলার বিভিন্ন স্থানে একযোগে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে গ্রেপ্তারকৃত আসামিদের ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মতিন খান (৩৮), মো. দুলাল বিশ্বাস (৪৩), মো. জহির মিয়া (৩১) এবং মো. মজনু মুন্সি (৫৬)। তারা সবাই ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের মালাঙ্গা এলাকার বাসিন্দা।
কাহারখানায় গভীর রাতের ডাকাতি:
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৮ জুন রাত আনুমানিক ২টার দিকে একদল সংঘবদ্ধ ডাকাত ধোপাগাতির বেঙ্গল চারকোল লিমিটেড কারখানায় হানা দেয়। তারা কারখানার বিদ্যুতের ট্রান্সফরমারসহ বিভিন্ন মূল্যবান মালামাল ও যন্ত্রপাতি ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ ১০ জুন মধুখালী থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি ডাকাতি মামলা দায়ের করেন (মামলা নম্বর-১৩)।
পুলিশের ঝটিকা অভিযান ও মালামাল উদ্ধার:
মামলা দায়েরের পর তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তে নামে মধুখালী থানা পুলিশ। এরই ধারাবাহিকতায় বুধবার রাতে মধুখালী থানার সাব-ইন্সপেক্টর অসিত কুমার, সাব-ইন্সপেক্টর তন্ময় এবং এএসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল জেলার বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের হেফাজত থেকে লুণ্ঠিত একটি ওয়েল্ডিং মেশিন, একটি গ্রেন্ডিং মেশিন ও বেশকিছু মেশিনারি টুলস উদ্ধার করা হয়েছে।
তিনি আরও জানান, এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কি না, তা গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে। চুরি ও ডাকাতি হওয়া বাকি মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




















