ফরিদপুরে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৫:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
- / 363
ফরিদপুরের কানাইপুর ইউনিয়নের মৃগী গ্রামে জেলা পরিষদের একটি পুকুর থেকে সুজন মণ্ডল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে স্থানীয়রা পুকুরে ভাসমান অবস্থায় লাশটি দেখতে পান এবং তা উদ্ধার করেন।
সুজন মণ্ডল মৃগী গ্রামের বাসিন্দা এবং সিরিষ মণ্ডলের ছেলে। তিনি কানাইপুর সিনেমা হলের পাশে বাবার সঙ্গে একটি ভাজাপোড়ার দোকানে কাজ করতেন। সুজন বিবাহিত ছিলেন। তার স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে।
সুজনের পরিবার সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিনি বাড়ির পুকুর ঘাটে বসে দাঁত ব্রাশ করছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। তার মা খোঁজাখুঁজি শুরু করলে দুপুরে প্রতিবেশী রনজিৎ মজুমদার গোসল করতে এসে পুকুরে সুজনের লাশ ভেসে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুজন দীর্ঘদিন ধরে মৃগী রোগে (এপিলেপ্সি) ভুগছিলেন। ধারণা করা হচ্ছে, পুকুর ঘাটে অবস্থানকালে অসুস্থ হয়ে তিনি পানিতে পড়ে যান এবং সেখানেই মৃত্যু হয়।
কানাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আলতাফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।




















