কুত্তার বাচ্চা ডিসি’, ‘কলিজা খুলে ফেলব: সাবেক এমপির ভয়ংকর হুমকি
- আপডেট সময় : ০৫:০৬:০৮ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
- / 996
কুমিল্লা-১০ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক (ডিসি) ও মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভোলাইন বাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি পদ নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। সম্প্রতি এ সংক্রান্ত একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে।
কী নিয়ে বিরোধ ও অডিওর বিবরণ
স্থানীয় সূত্র অনুযায়ী, চলতি বছরের ১৮ মে কুমিল্লার জেলা প্রশাসক মো. আমিরুল কায়সার একটি স্কুলের সভাপতি পদে একজনকে সুপারিশ করেন। এরপর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. শামসুল আলম সেই সুপারিশটি প্রধান শিক্ষকের কাছে পাঠান। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়া চেয়ারম্যানকে ফোন করে অশ্রাব্য ভাষায় গালাগাল ও হুমকি দেন।
ফাঁস হওয়া অডিও রেকর্ডে শোনা যায়, গফুর ভূঁইয়া উত্তেজিত কণ্ঠে বলছেন, “আপনার কত বড় কলিজা হয়েছে, আমি দেখে নেব… কুত্তার বাচ্চা ডিসি, শুয়োরের বাচ্চা।”
এই ঘটনার পর বোর্ড চেয়ারম্যানের অনুরোধে সভাপতির পদ থেকে সুপারিশকৃত ব্যক্তি অব্যাহতি নেন।
সংশ্লিষ্টদের প্রতিক্রিয়া
এ বিষয়ে কুমিল্লার ডিসি মো. আমিরুল কায়সার বলেন, তার সঙ্গে সাবেক এমপির কোনো কথা হয়নি, তবে তিনি চেয়ারম্যানকে গালিগালাজ করেছেন বলে শুনেছেন।
শিক্ষা বোর্ড চেয়ারম্যান শামসুল আলম বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে, আবদুল গফুর ভূঁইয়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে “মিথ্যা অপপ্রচার” বলে দাবি করে এ বিষয়ে আর কোনো কথা বলতে অস্বীকৃতি জানান।





















