ভিপি পদে এক ভোট পেলেন ছাত্রদল সভাপতি নির্জন
- আপডেট সময় : ১২:০১:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
- / 449
গণ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (গকসু) নির্বাচনের ফলাফল ঘোষণার পর তুমুল উত্তেজনা ও বিক্ষোভ সৃষ্টি হয়েছে। নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মো. নির্জন মাত্র এক ভোট পেয়েছেন বলে ঘোষণা করা হয়েছে। এই ফলাফলের পরপরই নির্বাচন কারচুপির অভিযোগ তুলে কঠোর অবস্থান নেয় ছাত্রদল।
আলোচিত প্রার্থীর ‘এক ভোট’ প্রাপ্তি
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টায় গকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার রফিকুল আলম। ফলাফলে দেখা যায়, ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করা নয়জন প্রার্থীর মধ্যে ছাত্রদল নেতা মো. নির্জন পেয়েছেন মাত্র এক ভোট।
এবারের নির্বাচনে মোট ভোটার ছিলেন ৪ হাজার ৭৬১ জন। এই বিশাল সংখ্যক ভোটারের মধ্যে ছাত্রদল সভাপতির মাত্র এক ভোট প্রাপ্তির বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।
ভোটের আগের নাটকীয়তা
নির্বাচনের তফসিল অনুযায়ী মো. নির্জন ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে ভোটের আগের দিন বুধবার রাতে এক ফেসবুক পোস্টে তিনি জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়াচ্ছেন এবং প্রার্থিতা প্রত্যাহার করছেন। এ বিষয়ে তিনি নির্বাচন কমিশনারের কাছে আবেদনও করেছিলেন। কিন্তু ততক্ষণে প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছিল।
উল্লেখ্য, গত ১১ জুন ১২ সদস্যের গণ বিশ্ববিদ্যালয় (গবি) শাখা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়, যেখানে নির্জনকে সভাপতি করা হয়েছিল।
ফলাফল প্রত্যাখ্যান, ক্যাম্পাসে সংঘর্ষের চেষ্টা
এক ভোট পাওয়ার এই ফলাফল ঘোষণার পরপরই ছাত্রদল নেতারা নির্বাচনকে ‘ইঞ্জিনিয়ারিং’ (কারচুপি) করা হয়েছে বলে অভিযোগ তোলেন। রাতে ফলাফল ঘোষণার সময় তারা বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বহিরাগতদের নিয়ে জড়ো হন এবং বিক্ষোভ শুরু করেন।
এ সময় ছাত্রদল নেতাকর্মীরা ‘ফলাফল মানি না, মানব না’ সহ বিভিন্ন স্লোগান দেন। একপর্যায়ে তারা দরজা ভেঙে জোরপূর্বক ক্যাম্পাসের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তবে পুলিশের তাৎক্ষণিক ও কঠোর তৎপরতায় তারা পিছু হটতে বাধ্য হন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।




















