ফরিদপুরে কামাল ইউসুফের মৃত্যুবার্ষিকী পালিত, খালেদা জিয়ার জন্য দোয়া
- আপডেট সময় : ০৮:৩২:১৮ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
- / 253
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রয়াত নেতা চৌধুরী কামাল ইবনে ইউসুফের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে আজ শনিবার (১৩ ডিসেম্বর) সরকারি রাজেন্দ্র কলেজের মুক্তমঞ্চে এই কর্মসূচির আয়োজন করা হয়।
চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মরহুম নেতার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ।
স্মৃতিচারণায় ইউসুফের কর্মময় জীবন
আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চৌধুরী কামাল ইউসুফের কন্যা এবং ফরিদপুর সদর-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী চৌধুরী নায়ার ইউসুফ।
এছাড়া সভায় বক্তব্য দেন ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর-১ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী নাসিরুল ইসলাম নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এম এ সামাদ, জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব এ কে কিবরিয়া স্বপন, ময়েজ মনজিল পরিবারের সদস্য আমির ইউসুফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ এবং অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা চৌধুরী কামাল ইবনে ইউসুফের জনমুখী রাজনীতি ও কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, “তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছেন এবং সবার কাছে শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র ছিলেন।”
তারেক রহমানের আগমনকে স্বাগত
বক্তারা এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন দেশে আগমনকে স্বাগত জানান। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের বাংলাদেশে আগমনের কথা রয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানের পরবর্তী পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং চৌধুরী কামাল ইবনে ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন দরগা জামে মসজিদের পেশ ইমাম আবুল কালাম আজাদ।
এর আগে, আমন্ত্রিত অতিথিবৃন্দ চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মারক গ্রন্থ পুস্তকের মোড়ক উন্মোচন করেন।




















