প্রেমিকের বাড়িতে দশম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত লাশ

- আপডেট সময় : ১১:০৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
- / 385
যশোর সদর উপজেলায় প্রেমিকের বাড়ি থেকে এক দশম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত ছাত্রীর পরিবারের অভিযোগ, বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে গেলে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে প্রচার করা হয়েছে।
এই নির্মম ‘হত্যার’ বিচার চেয়ে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে মিছিল ও মানববন্ধন করেছেন স্বজন ও স্থানীয়রা। তারা জোর দাবি জানিয়েছেন, এটি কোনো আত্মহত্যা নয়, বরং প্রেমিক নাজমুল কর্তৃক সংঘটিত একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
পরিবারের অভিযোগ: ব্ল্যাকমেইল ও হত্যাকাণ্ড
ইছালি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ওই ছাত্রীর স্বজন ও স্থানীয় বাসিন্দারা মানববন্ধনে অভিযোগ করেন, একই গ্রামের যুবক নাজমুলের সঙ্গে নিহতের প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের সূত্রে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও তৈরি হয়।
স্বজনদের দাবি, প্রেমিক নাজমুল সেই শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করেন এবং তা ব্যবহার করে ওই ছাত্রীকে ব্ল্যাকমেইল করতে থাকেন। একপর্যায়ে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে দেওয়া হয়।
মানসিক চাপের মুখে ওই ছাত্রী গত ১১ ডিসেম্বর রাত ৮টার দিকে নাজমুলের বাড়িতে যায় এবং তাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের দাবি জানায়।
হামলা চালিয়ে আত্মহত্যার নাটক?
মৃতের স্বজনদের অভিযোগ, বিয়ের দাবি প্রত্যাখ্যান করে প্রেমিক নাজমুলসহ তার পরিবারের সদস্যরা ওই ছাত্রীকে মারপিট করে। এরপর তারা মরদেহ বাড়ির উঠানে ঝুলিয়ে রেখে ‘আত্মহত্যার নাটক’ সাজায়। পরে তারা ছাত্রীর পরিবারকে খবর দেয়।
মানববন্ধনে উপস্থিত স্বজন শিল্পী বেগম, সকিনা আক্তার ও জলি খাতুনসহ স্থানীয়রা এ ঘটনার মূল অভিযুক্ত প্রেমিক নাজমুলের অবিলম্বে গ্রেফতার ও ফাঁসির দাবি জানান। তারা নাজমুলসহ এ ঘটনার সঙ্গে জড়িত ফাইজুর, কামাল, হোসেন, মিজারুল, বাবলু, নাইম, রিয়াজ ও নাসিরের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তাঁদের মতে, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না।
পুলিশের বক্তব্য
এ বিষয়ে যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, নিহত ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় মামলা দায়ের করা হয়েছে। তবে ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। আসামি গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



















