ফরিদপুরে চাচার নির্যাতনে আহত ভাতিজার ২৮ দিন পর মৃত্যু
- আপডেট সময় : ১১:৩৫:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
- / 456
ফরিদপুর শহরতলীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে চাচার দেওয়া অমানুষিক নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ ২৮ দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে মারা গেছেন আবুল কাশেম মোল্যা (৪২)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে নিহতের দাফন সম্পন্ন হয়। এই ঘটনায় পুলিশ তামিম মোল্যা নামে একজনকে আটক করেছে।
লোমহর্ষক নির্যাতনের বর্ণনা:
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৭ ডিসেম্বর দুপুরে জমি নিয়ে বিরোধের জেরে আবুল কাশেমের ওপর হামলা চালান তার আপন চাচা আফজাল মোল্যা ও তার ছেলে তামিমসহ পরিবারের সদস্যরা। অভিযোগ উঠেছে, তারা লোহার পেরেক লাগানো কাঠের বাটাম দিয়ে কাশেমকে নির্মমভাবে পিটিয়ে জখম করেন। মারধরের সময় তার বাম পায়ে মরিচা ধরা পেরেক ঢুকে যায়, যা থেকে পরবর্তীতে মারাত্মক সংক্রমণ ও পচন ধরে।
অভাবের তাড়নায় ব্যাহত চিকিৎসা:
গুরুতর আহত কাশেমকে প্রথমে ফরিদপুর এবং পরে ঢাকার বারডেম হাসপাতালেও নেওয়া হয়েছিল। কিন্তু অর্থাভাবে উন্নত চিকিৎসা সম্ভব হয়নি বলে জানিয়েছেন নিহতের ছোট ভাই রাজু মোল্যা। অবস্থার অবনতি হলে গত ১৩ জানুয়ারি তাকে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের প্রস্তুতির আগেই তীব্র যন্ত্রণায় গত বুধবার বিকেলে তার মৃত্যু হয়।
পরিবারের অভিযোগ ও আহাজারি:
নিহতের বাড়িতে গিয়ে দেখা যায় শোকের মাতম। স্ত্রী ফরিদা পারভীন অভিযোগ করে বলেন, “থানায় গেলে পুলিশ এজাহার নিতে গড়িমসি করে আমাদের কোর্টে যাওয়ার পরামর্শ দেয়। আমরা গরিব বলে কি বিচার পাব না?” তিনি তার স্বামীকে কষ্ট দিয়ে মারার অপরাধে দোষীদের ফাঁসি দাবি করেন। নিহতের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
পুলিশের বক্তব্য:
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মৃত্যু সনদে সরাসরি আঘাতের উল্লেখ না থাকায় তাদের আদালতে মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বিষয়টি তদন্তাধীন রয়েছে। পরিবারের দেওয়া তথ্যে একজনকে আটক করে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। মূল অভিযুক্ত আফজাল মোল্যা বর্তমানে পলাতক রয়েছেন।



















