নামাজ শেষে ঘরে ফেরা হলো না, সড়কে ঝড়ল কেয়ারটেকারের প্রাণ
- আপডেট সময় : ১১:১৭:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / 54
ফরিদপুরের মধুখালী উপজেলায় রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি অজ্ঞাতনামা প্রাইভেট কারের চাপায় মোঃ আব্দুল মালেক শেখ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আব্দুল মালেক শেখ উপজেলার রায়পুর ইউনিয়নের দিঘলিয়া গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ‘দিঘলিয়া নিরিবিলি পিকনিক কর্নার’-এর সাবেক কেয়ারটেকার ছিলেন।
নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে দিঘলিয়া বাসস্ট্যান্ড জামে মসজিদে মাগরিবের নামাজ আদায় করেন আব্দুল মালেক। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে মহাসড়ক পার হচ্ছিলেন তিনি। এ সময় ঢাকা থেকে মাগুরাগামী একটি দ্রুতগতির অজ্ঞাতনামা প্রাইভেট কার তাকে সজোরে চাপা দেয়।
কারটির ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পরই স্থানীয় আশপাশের লোকজন ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার এই আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবার এবং পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ঘাতক গাড়ি আটক ও আইনি পদক্ষেপ:
এদিকে দুর্ঘটনার পর পরই স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক প্রাইভেট কারটি চালকসহ আটক করতে সক্ষম হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) নীলোৎপল জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ঘাতক গাড়িটি স্থানীয় জনতা আটক করে মধুখালী থানা হেফাজতে সোপর্দ করেছে। এই মর্মান্তিক দুর্ঘটনার বিষয়ে থানায় মামলা দায়েরসহ পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।





















