ফরিদপুর ও শরীয়তপুর থেকে শেখ হাসিনার ফেরার বার্তা
- আপডেট সময় : ১০:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / 574
শরীয়তপুরের জাজিরায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং ফরিদপুর শহরে নিষিদ্ধ যুবলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করেছেন। শরীয়তপুরে আজ সোমবার (১৮ মে) দুপুরে এবং ফরিদপুরে গত রোববার (১৭ মে) সন্ধ্যায় তাঁরা ব্যানার ও জাতীয় পতাকা নিয়ে মিছিল বের করেন। দুটি মিছিলের ভিডিওই পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
জাজিরায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল:
শরীয়তপুর থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা যায়, ঢাকা-শরীয়তপুর সড়কের জাজিরার মানিকনগর এলাকায় একদল লোক ব্যানার হাতে নিয়ে মিছিল করছেন। মিছিলের একদম সামনে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটছিলেন শরীয়তপুর জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রাশেদুজ্জামান। একই সাথে মিছিলের সামনের অংশে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান শিকদারকে শেখ হাসিনা, শেখ মুজিবুর রহমান ও শরীয়তপুর–১ আসনের সাবেক সংসদ সদস্য ইকবাল হোসেনের নামে নানা স্লোগান দিতে দেখা যায়।
মিছিলে থাকা ছাত্রলীগের নেতা-কর্মীরা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা ও কারাগারে থাকা সব রাজনীতিবিদের মুক্তির দাবি জানান। পরবর্তীতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও এই মিছিলের ভিডিওটি পোস্ট করা হয়। এর আগে শনিবার রাতে ও রোববার সকালেও জাজিরার তিনটি স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা–কর্মীরা মিছিল করেন বলে জানা গেছে।
এই বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহাম্মদ বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগ মিছিল করেছে, এমন একটি ভিডিও আমাদের হাতে এসেছে। সেটা নিয়ে আমরা কাজ করছি এবং তাঁদের শনাক্ত করার চেষ্টা চলছে।”
ফরিদপুরে মহাসড়কে যুবলীগের মহড়া:
এদিকে, গতকাল রোববার (১৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ফরিদপুর শহরসংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কের শহর বাইপাস সড়কে ঝটিকা মিছিল করেন নিষিদ্ধ যুবলীগের নেতা–কর্মীরা। দলীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আসিবুর রহমানের নেতৃত্বে এই মিছিলে অংশ নেন জেলা যুবলীগের সদস্য মাহফুজ আহমেদ, সরকারি রাজেন্দ্র কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি কাওসার আকন্দ ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি দেবাশীষ নয়নসহ বেশ কয়েকজন নেতা–কর্মী।
খোঁজ নিয়ে জানা গেছে, রোববার রাত সাড়ে নয়টার দিকে ‘অমিও সরকার’ নামের এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে ওই মিছিলের একটি ভিডিও পোস্ট করা হয়। ভিডিওতে দেখা যায়, যুবলীগের নেতা–কর্মীরা একটি ব্যানার নিয়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দিচ্ছেন। ব্যানারে ‘বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ফরিদপুর জেলা শাখা’ এবং ইংরেজিতে ‘বাংলাদেশ রাইজ এগেইন’ লেখা ছিল। ভিডিওর শেষাংশে ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য মুজিবুর রহমান নিক্সন চৌধুরীর নামেও স্লোগান দেওয়া হয়।
এই বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “শহর বা এর আশপাশে কোনো ঝটিকা মিছিলের খবর আমাদের জানা নেই। তবে ফেসবুকে একটি ভিডিও আমরা দেখেছি। প্রাথমিকভাবে ভিডিওটি দেখে স্থানটি সুনির্দিষ্টভাবে চিহ্নিত করা যাচ্ছে না। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ।



















