ঢাকা-বরিশাল মহাসড়কে বাস উল্টে নিহত ৩, আহত ২৫

- আপডেট সময় : ১২:৩৬:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০২৪
- / 276
ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় ইনান পরিবহনের একটি বাস মহাসড়কে উল্টে গিয়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২৫ জন।
বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার বাবনা তলা নামক স্থানে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন ভাঙ্গা হাইওয়ে থানার এএসআই আবু সাঈদ। খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলো- পাবনা জেলার সাথিয়া উপজেলার পানদুড়িয়া গ্রামের মৃত ইদ্রিস মিয়ার পুত্র শফিকুল ইসলাম সুরুজ (৪৫)। বাকি দুজনার পরিচয় এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি।
ওসি খায়রুল আনাম বলেন, বরিশাল থেকে ঢাকাগামী ইনান পরিবহনে একটি বাস ভাঙ্গার চুমুরদী এলাকায় মহাসড়কে উল্টে যায়। এসময় ঘটনাস্থলে দুইজন মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিবহনটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
তবে ঘটনার পর চালক পালিয়ে যান। অধিক গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কেই বাসটি উল্টে গিয়ে এ হতাহতের ঘটনা ঘটে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা পক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।
আহত এক যাত্রী জানায়, হঠাৎ বাউলি দিয়ে রাস্তার ওপর উল্টে যায় বাসটি। এতে গাড়ির অধিকাংশ যাত্রী আহত হয় এবং ঘটনাস্থলে দুই জন নিহত হয়।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার তরুণ পাল দৈনিক জাগ্রত বাংলাদেশকে বলেন, সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মোট ২৮ জনকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়। সেখান থেকে দুজনকে মৃত্যু ঘোষণা করা হয়। অন্য আরেকজন ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।



















