বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত
- আপডেট সময় : ০৪:৫৭:০২ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩
- / 171
চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার বাড়াদি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহতের ঘটনা ঘটেছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাতের যেকোনো সময় ভারতীয় সীমান্তের মধ্যে এ ঘটনা ঘটে।
বিষয়টি দর্শনা থানা পুলিশের পরিদর্শক (ওসি) বিপ্লব কুমার সাহা ও স্থানীয় ইউপি সদস্য আব্দুর রহমান এ তথ্য নিশ্চিত করেছে।
নিহতরা হলেন, চুয়াডাঙ্গা দামুড়হুদা উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের ব্যাকপাড়ার হায়দার আলীর ছেলে সাজিদুল ইসলাম (২৫) ও একই এলাকার শরিয়তুল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩২)। নিহত সাজিদুল ইসলামের একটি ও খাজা মঈনউদ্দিনের তিন সন্তান রয়েছে।
পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড (ইউপি) সদস্য আব্দুর রহমান বলেন, আমার ওয়ার্ডের সাজিদুল ও মঈনউদ্দিন শনিবার রাতে বাড়াদি সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে অবৈধভাবে গরু আনতে যায়। সেখানে ভারতের বিজয়পুর ক্যাম্পের বিএসএফ সদস্যদের গুলিতে এই দুইজন নিহত হন। তাদের লাশ এখন পর্যন্ত ভারতে আছে।



















