মাদারীপুরে ৬ জনকে কুপিয়ে জখম একই পরিবারের
- আপডেট সময় : ০৮:৪৯:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জানুয়ারী ২০২৪
- / 249
মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ ছয়জনকে কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের খাগদাহ গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- খাগদাহ গ্রামের রুহুল আমিন (৫৫), আব্দুল সালাম হাওলাদার (৭৩), আব্দুল কালাম হাওলাদার (৬৮), লিয়া আক্তার (৩৮), মেহেদি হাসান (২৫) ও মো. অলিউল্লাহ (৫৫)। এদের মধ্যে আব্দুল সালাম হাওলাদারকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
আহতরা জানান, সদর উপজেলার খাগদাহ গ্রামের আবুল কালাম হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিবেশী আয়ুউব আলী হাওলাদার ওরফে আনোয়ার হাওলাদারের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার বৈঠকও হয়েছে। কিন্তু কোনো সমাধান হয়নি। এরই জের ধরে আয়ুউব আলী হাওলাদার তার লোকজন নিয়ে রাতে আবুল কালাম হাওলাদার ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়।
এ সময় কুপিয়ে জখম করা হয় একই পরিবারের ছয়জনকে। আহতদের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য আব্দুল সালাম হাওলাদারকে রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার ওসি এএইচএম সালাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার পর অভিযুক্তরা পালিয়েছে। তাদের আইনের আওতায় আনতে পুলিশ সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।




















