ফরিদপুরে জাল জন্মনিবন্ধন: বাল্যবিয়ে দেওয়ার দায়ে মা ও কাজীর জরিমানা
- আপডেট সময় : ১১:৪৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
- / 460
ফরিদপুরে জাল জন্মনিবন্ধন ব্যবহার করে ১৬ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিয়ে দেওয়ার অভিযোগে কনের মা এবং সংশ্লিষ্ট নিকাহ রেজিস্ট্রার (কাজী) দু’জনকেই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২০ জুন, ২০২৫) রাত ৯টার দিকে শহরের চকবাজার জামে মসজিদ সংলগ্ন মার্কেটের দোতলায় অবস্থিত কাজী অফিসে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।
অভিযানে নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসান (৪৮)-কে বাল্যবিবাহ নিরোধ আইনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে একই অপরাধে বিকেলে শহরের বায়তুল আমান এলাকায় কনের মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছিল।
কীভাবে ধরা পড়ল জালিয়াতি?
আদালত সূত্রে জানা গেছে, গত ১২ জুন শহরের বায়তুল আমান এলাকায় ১৬ বছর বয়সী ওই কিশোরীর বয়স জালিয়াতির মাধ্যমে বাড়িয়ে বিয়ে দেওয়া হয়। এমন অভিযোগের ভিত্তিতে ইউএনও ইসরাত জাহান প্রথমে কনের বাড়িতে গিয়ে তথ্য যাচাই করেন। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরে নিকাহ রেজিস্ট্রারের কার্যালয়ে অভিযান চালানো হয়।
কাজী কামরুল হাসানের পূর্বের অনিয়ম ও স্থগিত নিবন্ধন
জানা যায়, নিকাহ রেজিস্ট্রার মো. কামরুল হাসানের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন অনিয়মের অভিযোগে তার নিবন্ধন স্থগিত করা হয়েছিল। তবে তিনি উচ্চ আদালতের এক আদেশে সীমিত সময়ের জন্য কাজ চালিয়ে আসছিলেন, যার মেয়াদ গত ৮ জুন শেষ হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান বলেন, “এক কিশোরীর বয়স বাড়িয়ে বিয়ে দেওয়ার সত্যতা পাওয়ায় কনের মা ও কাজীকে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জেলা রেজিস্ট্রার বরাবর কাজীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি পাঠানো হবে।”





















