ফরিদপুরে বিপুল পরিমাণ হেরোইনসহ যুবক গ্রেপ্তার
- আপডেট সময় : ১০:১৪:৫১ অপরাহ্ন, রবিবার, ৫ এপ্রিল ২০২৬
- / 743
ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেলে শহরের সিএন্ডবি ঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানের বিবরণ:
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে একটি চৌকস দল সিএন্ডবি ঘাট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে রহিম শেখ (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তার কাছ থেকে ৬৫ পুড়িয়া হেরোইন উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত রহিম শেখ সিএন্ডবি ঘাট এলাকার আইজুদ্দিন মাতুব্বর ডাঙ্গী গ্রামের মৃত মালেক শেখের ছেলে।
পুলিশের বক্তব্য:
ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও বলেন, “সমাজ থেকে মাদক নির্মূলে ডিবি পুলিশ সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। আমাদের এই মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।” এ সময় তিনি মাদকের বিস্তার রোধে সাধারণ মানুষকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানান।





















