নিখোঁজ কলেজছাত্রের হাত-পা বাঁধা অগ্নিদগ্ধ লাশ উদ্ধার

- আপডেট সময় : ০৯:৩৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬
- / 22
রাজবাড়ী জেলার কালুখালীতে মো. আসাদুল ইসলাম (২৪) নামে এক কলেজছাত্রের হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে অত্যন্ত নৃশংসভাবে হত্যার পর লাশ উপুড় করে শুইয়ে দিয়ে আগুনে ঝলসে দিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত আসাদুল ইসলাম কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো. শাহজাহান মণ্ডলের ছেলে। তিনি বালিয়াকান্দি মশাররফ হোসেন কলেজে ডিগ্রিতে পড়াশোনার পাশাপাশি বাবার সঙ্গে মাঠে কৃষিকাজেও সহযোগিতা করতেন।
টাকা চাওয়ার পর থেকেই নিখোঁজ:
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রবিবার (১৪ জুন) বিকেলে আসাদুল বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি। পরবর্তীতে রাত ৮টার দিকে তিনি তাঁর সৌদি প্রবাসী দুলাভাইয়ের মোবাইল ফোনে কল করে জরুরি ৫ হাজার টাকা লাগবে বলে জানান। টাকা চাওয়ার পর থেকেই তাঁর ব্যবহৃত মোবাইল ফোনটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং পরিবারের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। আজ সোমবার (১৫ জুন) সকালে স্থানীয় কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে আসাদুলের এই বিকৃত লাশ দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে পুলিশ ও পরিবারকে খবর দেন।
পাটখেতের পাশ থেকে লাশ উদ্ধার:
খবর পেয়ে পুলিশ মদাপুর ইউনিয়নের সূর্যদিয়া গ্রামের দাখিল মাদ্রাসার সামনের মাঠে, ভাটিয়াপাড়া রেলপথ ও চন্দনা নদীর পাড়সংলগ্ন তোরণ মেম্বারের জমি (পাটখেতের পাশ) থেকে আসাদুলের হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় বাসিন্দা রাসেল মোল্লা জানান, আসাদুল অত্যন্ত নম্র ও ভালো স্বভাবের ছেলে ছিল। এলাকায় বা গ্রামের কারও সঙ্গে তাঁর কোনো ধরনের বিবাদ বা শত্রুতা ছিল না। তাকে এমন নির্মমভাবে কেন মরতে হলো, তা কেউ ভেবে পাচ্ছে না। এলাকার মানুষ এই নৃশংস হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি করছেন।
অপরাধীদের ধরার আশ্বাস পুলিশের:
হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) দেবব্রত সরকার। তিনি বলেন, “পাটখেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ ও মোটিভ উদ্ঘাটনে লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ীতে পাঠানো হয়েছে। পুলিশ ইতোমধ্যেই ছায়া তদন্ত শুরু করেছে। আমরা আশা করছি, খুব দ্রুতই এই ঘটনার পেছনের অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা সম্ভব হবে।”




















