ডাকসু নির্বাচনে শিবিরের জিএস প্রার্থীর গোপন রাজনৈতিক পরিচয় ফাঁস
- আপডেট সময় : ০১:২৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫
- / 928
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে সামনে রেখে বিতর্কের মুখে পড়েছেন শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের জিএস প্রার্থী এস এম ফরহাদ। সম্প্রতি তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার একাধিক ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে এই বিতর্ক শুরু হয়। তবে, এই বিষয়ে তিনি মুখ খুলেছেন এবং তার অবস্থান স্পষ্ট করেছেন।
দৈনিক ইনকিলাবের কাছে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ভাইরাল হওয়া ছবি এবং তার অতীত রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যাখ্যা দিয়েছেন।
টকশোতে চ্যালেঞ্জ ও ভাইরাল ছবি
বিতর্কের সূত্রপাত একটি টেলিভিশন টকশোতে, যেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান অভিযোগ করেন যে এস এম ফরহাদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেই অভিযোগ প্রকাশ্যে অস্বীকার করে ফরহাদ আবিদুলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, ‘ছাত্রলীগের সাথে (আমার) একটা ছবি দেখান।’
এই ঘটনার পরই সামাজিক মাধ্যমে ফরহাদের একাধিক ছবি ভাইরাল হয়। এসব ছবিতে তাকে ছাত্রলীগের বিভিন্ন অনুষ্ঠানে নেতাদের সঙ্গে দেখা যায়।
‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’: যা বললেন এস এম ফরহাদ
ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে এস এম ফরহাদ দৈনিক ইনকিলাবকে জানান, এই ঘটনাটি সম্পূর্ণ ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’। তিনি বলেন, ছবিগুলো গ্রুপ ফটো থেকে কেটে নেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে তিনি এর আগেও দুইবার গণমাধ্যমে ব্যাখ্যা দিয়েছেন।
তিনি আরও জানান, দুইটি ডিবেটিং সোসাইটির সঙ্গে যুক্ত থাকার কারণে ছাত্রলীগ থেকে তাকে একটি পদ দেওয়া হয়েছিল। আর ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে তার ওঠাবসা ছিল ‘রাজনীতিতে টিকে থাকার জন্য’। তার মতে, আসন্ন নির্বাচনে তাকে হেয় প্রতিপন্ন করার জন্যই তার নাম ছাত্রলীগের সঙ্গে জড়ানোর চেষ্টা চলছে।
রাজনৈতিক বিশ্লেষণ
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে ছাত্রশিবিরের অনেক নেতাকর্মীই ছাত্রলীগের ছায়াতলে থেকে তাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে গেছেন, যা দলটির শীর্ষ মহলও স্বীকার করে নিয়েছে। তাই এস এম ফরহাদের মতো নেতাদের জনসম্মুখে কথা বলার আগে এই রাজনৈতিক বাস্তবতাকে মাথায় রাখা উচিত বলে মনে করেন তারা।




















