ফরিদপুরে ছাগল চুরি: চোরের হেদায়েত কামনায় মিলাদ মাহফিল
- আপডেট সময় : ০৪:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
- / 353
ফরিদপুরের মধুখালীতে ছাগল চুরির ঘটনাকে কেন্দ্র করে সমাজে এক বিরল মানবিকতার উদাহরণ সৃষ্টি হয়েছে। প্রায় এক মাস আগে নিজের দুটি ছাগল হারিয়েও ক্ষতিগ্রস্ত যুবক আলামিন জোমাদ্দার সবুজ চোরকে অভিশাপ না দিয়ে বরং তার হেদায়েত ও সুমতি কামনায় স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন।
ক্ষমা ও হেদায়েতের ব্যতিক্রমী উদ্যোগ
মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সবুজের দুটি ছাগল প্রায় এক মাস আগে চুরি হয়ে যায়। সাধারণত এমন ঘটনায় ভুক্তভোগীরা ক্ষোভ ও হতাশা প্রকাশ করলেও সবুজের চিন্তাধারা ছিল ভিন্ন। তার বিশ্বাস, মানুষ হয়তো অভাবের তাড়নায়, নয়তো লোভের বশবর্তী হয়ে অপরাধে জড়িয়ে পড়ে। তাই চোরের প্রতি বিদ্বেষ না রেখে তিনি তার সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করার সিদ্ধান্ত নেন।
এ উপলক্ষে তিনি মাইকিং করে গ্রামবাসীকে আমন্ত্রণ জানান এবং স্থানীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করেন। অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মাদরাসার শিক্ষার্থী ও অসংখ্য মুসল্লি উপস্থিত ছিলেন।
‘আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না’
নিজেকে ক্ষমাশীল ও মানবিক দৃষ্টিকোণ থেকে তুলে ধরে আলামিন জোমাদ্দার সবুজ বলেন,
“চোর হয়তো অভাবে কিংবা লোভের বশবর্তী হয়ে এ অপরাধে জড়িয়েছে। আমি যদি তাকে নিয়ে খারাপ মন্তব্য করি, তবে আমার আর তার মধ্যে পার্থক্য থাকে না। আমি চাই সে তার ভুল বুঝতে পারুক এবং এই খারাপ পথ থেকে ফিরে আসুক। আমার এই সামান্য প্রচেষ্টা সমাজে নৈতিক অবক্ষয়ের পরিবর্তনে সামান্য হলেও ভূমিকা রাখুক।”
মানবিকতার অনন্য উদাহরণ
সবুজের এই মানবিক উদ্যোগে মুগ্ধ হয়েছেন এলাকার সবাই। উপস্থিত অতিথিরা তার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, সাধারণত চুরি হলে মানুষ চোরকে অভিশাপ দেয় বা প্রশাসনের কাছে বিচার চায়। কিন্তু সবুজের এই ধরনের আয়োজন সমাজে মানবিকতার এক অনন্য উদাহরণ হয়ে থাকবে এবং অন্যদেরও ইতিবাচক হতে অনুপ্রাণিত করবে। স্থানীয়দের মতে, এই ঘটনা শুধু এলাকায় নয়, বরং পুরো সমাজে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।





















