ফরিদপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৫ম শ্রেণির ছাত্রী ধর্ষণচেষ্টা: উত্তাল অভিভাবক
- আপডেট সময় : ১১:৫০:০৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
- / 848
ফরিদপুর সদর উপজেলার ১২৮ নং ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব শেখের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার গুরুতর অভিযোগ উঠেছে। এই জঘন্য ঘটনার প্রতিবাদে সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষককে অপসারণ করে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।
কী ঘটেছিল সেদিন?
বিদ্যালয়ের জমিদাতা ও ইউপি সদস্য রেজাউল কবির জানান, গতকাল রোববার আনুমানিক সোয়া ২টার দিকে প্রধান শিক্ষক ইয়াকুব শেখ পঞ্চম শ্রেণির ছাত্রী লামিয়াকে দ্বিতীয় তলায় ডেকে নিয়ে যান। সেখানে তিনি তার গায়ে, গালে এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে ধর্ষণচেষ্টা করেন। এই ঘটনা এলাকায় জানাজানি হলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বক্তারা আরও জানান, অভিযুক্ত শিক্ষক ইয়াকুব শেখ এর আগেও এ ধরনের নানা অপকর্ম করেছেন এবং তার বিরুদ্ধে একাধিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগও রয়েছে।
বিক্ষোভ ও দাবি
বিদ্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য রেজাউল কবির। এসময় বক্তারা ইয়াকুব শেখের এমন জঘন্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। তারা অবিলম্বে তাকে অপসারণ করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বিদ্যালয়ের অভিভাবক মোঃ হাসেম শেখ, রাজু শেখ, ইসহাক গাইন, রফিক গাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশাসনের কঠোর পদক্ষেপের আশ্বাস
এই অভিযোগের বিষয়ে ফরিদপুর সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মোসারফ হোসেন জানান, তিনি সংবাদ পেয়েই বিদ্যালয়ে এসেছেন এবং ছাত্রছাত্রী ও অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন। তিনি দ্রুত বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
অন্যদিকে, সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরত জাহান বলেন, “খবর পাওয়ামাত্রই ওই স্কুলে সহকারী শিক্ষা অফিসার এবং পুলিশকে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।”





















