নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মুক্তি দাবিতে এলোপাতাড়ি গুলিবর্ষণ, এলপিজি ব্যবসায়ী গুলিবিদ্ধ!
- আপডেট সময় : ১১:৪২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫
- / 542
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে ছাড়িয়ে নিতে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলিবর্ষণ করলে মামুন নামের এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। পরে স্থানীয় জনতা ওই ছাত্রলীগ নেতাকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।
মঙ্গলবার (১০ জুন, ২০২৫) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের মাঝিপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) সালাউদ্দিন কাদের জানান, গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকেই উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত সাংগঠনিক সম্পাদক ছাব্বির হোসেন খোকা গা ঢাকা দিয়েছিলেন।
তবে, গত কয়েকদিন ধরে তিনি এলাকায় ফিরে এসে নানা অপকর্ম করার চেষ্টা করছিলেন। মঙ্গলবার বিকেলে ভুলতা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক বাদলের লোকজনসহ স্থানীয়রা তাকে আটক করে।
গুলিবিদ্ধ হলেন এলপিজি ব্যবসায়ী
ছাব্বির হোসেন খোকাকে আটকের খবর পেয়ে জাইদুল ইসলাম বাবু নামের একজন তাকে ছাড়িয়ে নিতে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করেন। এ সময় এলপিজি গ্যাস সিলিন্ডার ব্যবসায়ী মামুন গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা একত্রিত হয়ে ধাওয়া করলে বাবু দ্রুত পালিয়ে যান। এরপর উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতা খোকাকে গণধোলাই দিয়ে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গুলিবিদ্ধ মামুনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
রূপগঞ্জ থানার পরিদর্শক (ইন্টেলিজেন্স) সালাউদ্দিন কাদের আরও জানান, এই ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





















