ছাত্রদলের কমিটি ঘোষণায় বড় ধাক্কা, ছাত্রলীগ নেতার পদপ্রাপ্তি ঘিরে বিতর্ক
- আপডেট সময় : ১০:৪৯:৪১ অপরাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫
- / 398
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি স্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। তবে এই কমিটিতে ছাত্রলীগের সক্রিয় এক নেতাকে পদ দেওয়ায় রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে তীব্র আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, নবগঠিত কমিটিতে কলেজ শাখা ছাত্রদলের ১ নম্বর সদস্য করা হয়েছে শাহরিয়ার নাফিসকে, যিনি এখনো ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চককীর্তি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছেন। এই তথ্য প্রমাণ হিসেবে তার ছাত্রলীগের প্যাডের একটি কপি স্থানীয় সাংবাদিকদের হাতে এসেছে।
রাজনৈতিক অঙ্গনে ক্ষোভ, নেতাদের ভিন্নমত
উপজেলা ছাত্রদলের সাবেক এক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক নাম প্রকাশ না করার শর্তে জানান, “কমিটি গঠনের আগে সংশ্লিষ্টদের পুঙ্খানুপুঙ্খ যাচাই-বাছাই করা উচিত ছিল। যেহেতু একজন সক্রিয় ছাত্রলীগ নেতা কমিটিতে রয়েছে, তাই তাকে অব্যাহতি দেওয়া প্রয়োজন।”
কমিটির সভাপতি মুক্তাদির আলী বলেন, “শাহরিয়ার নাফিস বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছে। এমনকি সে সময় তার বাসায় পুলিশও গিয়েছিল। তবে, তার ছাত্রলীগের পদে থাকার বিষয়টি আমাদের জানা ছিল না। এখন বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে।”
জেলা ছাত্রদলের বক্তব্য ও তদন্তের ঘোষণা
জেলা ছাত্রদলের সদস্য সচিব সাদ্দাম আলী বলেন, “কমিটি অনুমোদনের আগে একটি টিম গঠন করা হয়েছিল। সেই টিমের সুপারিশকৃত তালিকার ভিত্তিতেই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়। শাহরিয়ার নাফিস বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে থাকলেও সে এখনও ছাত্রলীগের পদত্যাগপত্র দেখাতে পারেনি।”
তিনি আরও জানান, এ ঘটনায় দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন।





















