ফরিদপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্রের পদত্যাগ
- আপডেট সময় : ১০:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫
- / 328
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফরিদপুর জেলা শাখার মুখপাত্রের পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলেন কাজী জেবা তাহসিন। রোববার (২ নভেম্বর) রাতে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দিয়ে তিনি তাঁর পদত্যাগের ঘোষণা দেন।
জেবা তাহসিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়ালেও আন্দোলনের প্রতি তাঁর সমর্থন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন।
পদত্যাগপত্রে যা লিখেছেন জেবা তাহসিন
ফেসবুকে দেওয়া পদত্যাগপত্রে জেবা তাহসিন তাঁর আন্দোলনের সঙ্গে যুক্ত থাকাকে জীবনের এক মূল্যবান অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন।
তিনি লেখেন:
“আমি কাজী জেবা তাহসিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফরিদপুর জেলার মুখপাত্র হিসেবে দীর্ঘদিন যাবৎ দায়িত্বরত ছিলাম… তবে কিছু মাস আগে বৈছআ সারাদেশের কমিটি স্থগিত করা হয় কিন্তু আজকে পুনরায় আবার এ কমিটি সচল করার পর আমি ব্যক্তিগত ও পারিবারিক কারণে বৈছাআ ফরিদপুর জেলা এর মুখপাত্র পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি।”
আন্দোলনের প্রতি দায়বদ্ধতা অটুট
পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি তাঁর ভালোবাসা ও দায়বদ্ধতা অটুট থাকবে বলে জানিয়েছেন জেবা তাহসিন। তিনি তাঁর পদত্যাগপত্রে আরও উল্লেখ করেন:
“এই পদ থেকে সরে গেলেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতি আমার ভালোবাসা, বিশ্বাস ও দায়বদ্ধতা আগের মতোই অটুট থাকবে। আমি সবসময় এই আন্দোলনের পথে থাকবো—হয়তো ভিন্ন ভূমিকায়, কিন্তু একই লক্ষ্য নিয়ে—বৈষম্যহীন সমাজ গড়ার স্বপ্নে।”
ছাত্র আন্দোলনের কমিটি স্থগিত হওয়ার পর পুনরায় সচল হওয়ার পরই তিনি এই পদত্যাগের ঘোষণা দিলেন।





















