ফরিদপুরে মানব পাচার রোধে ইউডিসি’র সক্রিয়তা: ‘আশ্বাস’ প্রকল্পের কর্মশালা
- আপডেট সময় : ১০:৪৮:২১ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫
- / 282
ফরিদপুর, ১৯ জুলাই, ২০২৫ – মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী-পুরুষদের আর্থসামাজিক পুনর্বাসন এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকর ভূমিকা নিশ্চিত করতে কাজ করছে বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস)। সুইজারল্যান্ড দূতাবাসের আর্থিক পৃষ্ঠপোষকতা ও উইনরক ইন্টারন্যাশনাল-এর সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘আশ্বাস’ প্রকল্পের উদ্যোগে ফরিদপুরে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রতিনিধিদের নিয়ে এক গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এই কর্মশালায় মানব পাচার প্রতিরোধে ইউডিসিগুলোর ভূমিকা ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মানব পাচারের কারণ ও প্রতিরোধ কৌশল নিয়ে আলোচনা
কর্মশালায় ‘আশ্বাস’ প্রকল্পের কর্মকর্তারা মানব পাচারের নেপথ্যে থাকা ‘পুশ ফ্যাক্টর’ (যেসব কারণে মানুষ পাচারের শিকার হয়, যেমন দারিদ্র্য, অসচেতনতা) এবং ‘পুল ফ্যাক্টর’ (যেসব প্রলোভন বা সুযোগের ফাঁদে মানুষ পাচারকারীদের পাল্লায় পড়ে, যেমন লোভনীয় চাকরির অফার) নিয়ে ইউডিসি প্রতিনিধিদের সাথে আলোচনা করেন।
মানব পাচারের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের প্রতিনিধিরা কীভাবে কাজ করতে পারেন, সেই কৌশলগুলো নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে, মানব পাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ইউডিসি প্রতিনিধিরা কিভাবে সিটিসি কমিটি, সিটিপ সদস্য এবং লিডার সারভাইভারদের সাথে একত্রিত হয়ে কাজ করতে পারেন, সে বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
কর্মশালায় জানানো হয়, এক শ্রেণির দালাল চক্র ফরিদপুর জেলার বিভিন্ন অঞ্চলের দরিদ্র ও আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের দুর্বলতার সুযোগ নিয়ে লোভনীয় অফার প্রদানের মাধ্যমে তাদের বিদেশে গমনের ক্ষেত্রে প্রলুব্ধ করে। ‘আশ্বাস’ প্রকল্পের কর্মকর্তারা বাংলাদেশের প্রেক্ষাপটে মানব পাচারের কারণ এবং এটি প্রতিরোধে করণীয় বিষয়গুলো সম্পর্কে আলোকপাত করেন।
ইউডিসি প্রতিনিধিদের ভূমিকার গুরুত্ব ও কর্মপরিকল্পনা
জনাব মো: মনিরুজ্জামান, ডেপুটি ম্যানেজার, ‘আশ্বাস’ প্রকল্প, উল্লেখ করেন যে, ইউডিসিগুলো যেহেতু ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থানে কাজ করে, তাই মানব পাচার প্রতিরোধে তাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আপনাদের ইউডিসিগুলোর সামাজিক সেবার ক্ষেত্রে আপনাদের ভূমিকাটা আমরা পেতে চাই। তাহলে মানব পাচার প্রতিরোধের কাজ আরও সুগম হবে। মানব পাচার আমাদের সম্মুখেই হচ্ছে।”
তিনি ইউডিসি প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যারা অবৈধভাবে দালালদের মাধ্যমে বিদেশে যেতে চাইছে, আপনারা আপনাদের সেন্টারের মাধ্যমে তাদের সচেতন করতে পারেন। আর যারা প্রতারিত হয়ে বিদেশ থেকে ফেরত আসবেন, তাদের তথ্য দিয়ে সহযোগিতা করলে ‘আশ্বাস’ প্রকল্প মানসিক সাপোর্টসহ বিভিন্ন উদ্যোগ নিতে সহজ হবে।

সভায় সকল ইউডিসি প্রতিনিধি তাদের কাজের সাথে সমন্বয় রেখে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন করেন এবং ‘আশ্বাস’ প্রকল্পের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন। প্রেজেন্টেশন পরিচালনায় এবং দলীয় কাজে সিটিপ সদস্যরা সার্বিকভাবে সহায়তা করেন এবং ইউডিসিদেরকে সিটিপ দল যখন ইউনিয়ন পর্যায়ে কাজ করতে যাবে, তখন যেন সহযোগিতা করা হয়, সেই অনুরোধ রাখেন।
কর্মশালায় উপস্থিতি
‘আশ্বাস’ প্রকল্পের প্রোগ্রাম অফিসার মুকুল আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন এসডিএস ফরিদপুরের কেস কো-অর্ডিনেটর জনাব নাজমুল হক জামিল। এছাড়াও ডেপুটি ম্যানেজার জনাব মো: মনিরুজ্জামান এবং কমিউনিটি ফেসিলিটেটর তানিয়া আক্তার সার্বিক সহযোগিতায় ছিলেন। বিভিন্ন ইউনিয়নের ইউডিসি প্রতিনিধি এবং সিটিপ অ্যাক্টিভিস্টরাও এই কর্মশালায় অংশ নেন।
সিভিল সোসাইটি সংগঠন ও সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর এই সমন্বিত উদ্যোগ মানব পাচার প্রতিরোধে একটি শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করবে বলে আশা করা হচ্ছে।





















