ফরিদপুরে মৌমাছির কামড়ে যুবকের মৃত্যু, আহত ১৬
- আপডেট সময় : ০৮:৪৭:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫
- / 374
শনিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুরের মধুখালী পৌরসভার পশ্চিম গাড়াখোলা এলাকায় মৌমাছির আকস্মিক আক্রমণে এক ব্যক্তি মারা গেছেন এবং অন্তত ১৬ জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা যায়, একটি তেঁতুল গাছে মৌমাছির চাকে পাখির আক্রমণের ফলে মৌমাছির দল উত্তেজিত হয়ে পথচারীদের উপর আক্রমণ করে। এই ঘটনায় অন্তত ১৬ জন ব্যক্তি মৌমাছির কামড়ে আহত হন। আহতদের মধ্যে শুশান্ত কুমার সাহা নামে এক ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান।
আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বিবেচনা করে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আএমও) ডা. কবির সরদার জানান, শুশান্ত কুমার সাহার শরীরে প্রায় ৩০ থেকে ৪০টি মৌমাছির কামড়ের চিহ্ন পাওয়া গেছে। তিনি মৌমাছির বিষক্রিয়ায় মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।





















