মুসলিম নিধনে আন্তর্জাতিক ষড়যন্ত্র: ফরিদপুরে খেলাফত মজলিসের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ০৪:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
- / 293
মুসলিম ভূখণ্ডে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের আগ্রাসনের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (২৭ জুন, ২০২৫) বাংলাদেশ খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১টা ৫০ মিনিটে শহরের জনতা ব্যাংকের মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয় এবং শহর প্রদক্ষিণ করে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। সেখানেই এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
বক্তাদের ক্ষোভ ও দাবি
সংগঠনের সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাধারণ সম্পাদক আবু নাসের আইয়ুবী-এর সঞ্চালনায় বক্তব্য রাখেন খেলাফত মজলিস ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমীর মাওলানা হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা মিজানুর রহমান, খেলাফত মজলিস ভাঙ্গা উপজেলা শাখার সভাপতি মাওলানা মাসুদুর রহমান, নগরকান্দা উপজেলার নির্বাহী সদস্য হাসমত আলী, খেলাফত মজলিস সদরপুর শাখার সেক্রেটারি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী, খেলাফত যুব মজলিস পৌর শাখার আহ্বায়ক মোঃ নাজমুল ইসলাম, হাফেজ ক্বারী আব্দুল মতিন, বোয়ালমারী খেলাফতে যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান, হাফেজ মাওলানা মোকাদ্দেস, হাফেজ মাওলানা আব্দুল আল বুখারী, সদস্য সচিব শেখ মোঃ হেলাল, হাফেজ মোহাম্মদ নাসির এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য মুফতি মিরাজুল ইসলাম। এ সময় সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বক্তারা নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের আগ্রাসনের তীব্র নিন্দা জানান এবং এ ব্যাপারে জাতিসংঘের ভূমিকার কড়া সমালোচনা করেন। বক্তারা বলেন, “ইয়াহুদিরা সারা বিশ্বের মুসলমানদের শত্রু, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ মদদে ইসরাইলীরা মুসলমানদের ওপর অন্যায় অত্যাচার চালিয়ে যাচ্ছে।”
তারা আরও অভিযোগ করেন, “সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতির নামে ইসরাইলকে রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। মুসলমানদেরকে ধ্বংস করার জন্য আন্তর্জাতিকভাবে পায়তারা চলছে। সারা বিশ্বে মুসলমানরা আজ নিপীড়িত এবং নির্যাতিত।” বক্তারা মুসলিম উম্মাহকে একত্রিত হয়ে ইসলাম কায়েম করার আহ্বান জানান।
পৃথিবীর প্রতিটি মুসলিম রাষ্ট্রকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, “আজ সময় এসেছে মুসলমানদের একত্রিত হয়ে কাজ করার। মুসলমানদের একত্রিত হয়ে ইহুদি ও নাসারাদের সকল পণ্য বর্জন করতে হবে। ইয়াহুদিরা বর্তমানে যুদ্ধবিরতির নামে একটি নাটক করতে চায়। বিশ্বের সকল মুসলিম দেশগুলো একত্রিত হয়ে এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে।”
অনুষ্ঠানের পরবর্তী পর্বে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সভাপতি মাওলানা আমজাদ হোসাইন।





















