ফরিদপুরে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস
- আপডেট সময় : ০৩:৪৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / 273
পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ঈদের আগের তিন দিন ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়েছে। আজ রোববার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে মাংস বিক্রি করা হয়।
আজ সকাল ১০টা থেকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি শুরু হয়। আগামী ৯ এপ্রিল পর্যন্ত এই কার্যক্রম চলবে।
ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন কবীর জানান, জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদারের বিশেষ আগ্রহে স্বল্প আয়ের মানুষের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গতকাল শনিবার যশোরে প্রতি কেজি গরুর মাংস ৩৯০ টাকায় বিক্রি করা হয়। মধ্যবিত্তের মাংসের বাজার শিরোনামে ৫০০ পরিবারের মাঝে ঈদের খুশি ছড়িয়ে দিতে এমন উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন আইডিয়া সমাজকল্যাণ সংস্থা।
এদিকে ঈদের আগে চাহিদা বেড়ে যাওয়ায় এক সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকারও বেশি। শুক্রবার রাজধানীর কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২৫০ থেকে ২৬০ টাকায়। আর সোনালি মুরগির কেজি ৩৫০ টাকার বেশি।
চড়া দামের জন্য সরবরাহ কমের সেই পুরোনো অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। রাজধানীতে মুরগির পাশাপাশি বাজারে গরুর মাংসের দামও বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৭৮০ থেকে ৮০০ টাকা।





















