বিএনপি নেতাকে পেটালেন আরেক বিএনপি নেতার ছেলে, ছেলেকে পুলিশে দিলে বাবা
- আপডেট সময় : ০৯:০৮:১৫ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
- / 589
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক মিনহাজ হোসেন শামীম এক ব্যতিক্রমী সিদ্ধান্ত নিয়ে আলোচনায় এসেছেন। সামাজিক বিরোধের জেরে সংঘটিত একটি হামলার ঘটনায় নিজের ছেলে মুন্নার (২৪) জড়িত থাকার প্রমাণ পাওয়ার পর তিনি তাকে স্বেচ্ছায় পুলিশের হাতে তুলে দিয়েছেন।
থানায় সোপর্দের ব্যতিক্রমী দৃশ্য
গত ১৪ মে, বুধবার দুপুর ২টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় এই ঘটনা ঘটে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, “হামলার ঘটনায় সত্যতা মেলায় বাবা নিজেই ছেলেকে থানায় নিয়ে এসেছেন। আমার চাকরি জীবনে এমন ঘটনা প্রথম দেখলাম।” পরে মুন্নাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।
হামলার ঘটনা ও মামলা
স্থানীয় সূত্র জানায়, গত ১২ মে সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা ইউনিয়নে সামাজিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি নেতা বিল্লালের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় বিল্লাল বাদী হয়ে থানায় মামলা করেন, যেখানে অভিযুক্তদের তালিকায় শামীমের ছেলে মুন্নার নামও ছিল।
আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে সিদ্ধান্ত
বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে মিনহাজ হোসেন শামীম বলেন, “আমার চাচাতো ভাই ও রাজনৈতিক সহযোদ্ধা বিল্লালের ওপর হামলার ঘটনায় মামলা হলে খোঁজ নিয়ে দেখি আমার ছেলে মুন্নাও জড়িত। তাই আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি নিজেই তাকে পুলিশের হাতে তুলে দিয়েছি।”





















