শেরপুরে বাস ও সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-৫
- আপডেট সময় : ০৩:১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪
- / 144
শেরপুরে যাত্রীবাহী বাস ও যাত্রীবাহী সিএনজি অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই সিএনজিতে থাকা চালকসহ ৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন।
আজ (রোববার ২৯ ডিসেম্বর) বেলা সাড়ে এগারোটার দিকে শেরপুর শহর থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বেলা সাড়ে এগারোটার দিকে নকলা থেকে ছেড়ে আসা শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি অটোরিকশা ও কুড়িগ্রামের রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস রিফাত পরিবহন শেরপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের ভাতশালা জোরা পাম্প এলাকায় পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে এর চালকসহ ঘটনাস্থলেই ৫ জন মারা যান। এসময় স্থানীয়রা দ্রুত গুরুতর আহত অপরজনকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। নিহতদের মধ্যে নারী রয়েছে।
শেরপুর সদর থানার ওসি জুবায়দুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ রিপোর্ট লেখা পর্র্যন্ত নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি ।





















