ঠিকাদারি বাঁচাতে প্রধানমন্ত্রীর স্তুতি: আওয়ামী লীগ নেতার চিঠি ফাঁসে তোলপাড়

- আপডেট সময় : ০১:৪৩:৫০ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
- / 13
রাজনৈতিক অঙ্গনে চরম ডিগবাজি ও পিঠ বাঁচানোর এক নজিরবিহীন ঘটনা প্রকাশ্যে এসেছে। পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. মিরাজুল ইসলামের লেখা একটি অতি গোপনীয় চিঠি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়ে দেদারসে ভাইরাল হয়েছে। বর্তমানে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা সংগঠনের এই শীর্ষ নেতা চিঠিতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন! এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় ও জাতীয় রাজনীতিতে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
চিঠিতে যা লিখেছেন আওয়ামী লীগ নেতা:
ভাইরাল হওয়া চিঠির বিবরণীতে দেখা যায়, মো. মিরাজুল ইসলাম গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানান। চিঠিতে তিনি লেখেন, “গত ১২ ফেব্রুয়ারি জনগণের প্রত্যক্ষ ভোটে দুই তৃতীয়াংশের বেশি জনসমর্থন নিয়ে বিজয়ী হয়ে আপনার নেতৃত্বে গণতান্ত্রিক সরকার গঠিত হওয়ায় প্রাণঢালা অভিনন্দন জানাই। রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা, যুগোপযোগী নির্বাচনি ইশতেহার ও সর্বোপরি সবার আগে বাংলাদেশ স্লোগানে দেশের মানুষের একান্ত মনের কথা ফুটে ওঠার কারণেই দলের এ অসামান্য বিজয়। মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির প্রধান হিসেবে আপনার এবার জনগণকে দেওয়ার পালা।” শুধু তাই নয়, গত ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রীর রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব দেশের মানুষের মধ্যে সীমাহীন আশার সঞ্চার করেছে বলেও তিনি উল্লেখ করেন।
রাজনৈতিক নয়, ঠিকাদারি প্যাডে আবদার:
অনুসন্ধানে জানা গেছে, চিঠিটি গত ২০ এপ্রিল সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে। তবে কোনো রাজনৈতিক প্যাডে নয়, চিঠিটি পাঠানো হয়েছে ‘ইফতি ইটিসিএল প্রাইভেট লিমিটেড’ নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অফিশিয়াল প্যাডে। মো. মিরাজুল ইসলাম মূলত ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব পালন করছেন।
চিঠিটির মূল উদ্দেশ্য মূলত রাজনৈতিক স্তুতি নয়, বরং ব্যবসা বাঁচানো। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতায় পিরোজপুর জেলায় চলমান মিরাজুলের ঠিকাদারি প্রকল্পগুলোর বাস্তবায়নের সময়সীমা আরও এক বছর বর্ধিত করার জন্য প্রধানমন্ত্রীর সুপারিশ ও তদবির পেতেই এই অভিনব কায়দায় অভিনন্দন বার্তা পাঠানো হয়েছে।
নেতা পলাতক বিদেশে:
বর্তমানে রাজনৈতিক সংগঠন হিসেবে আওয়ামী লীগের কার্যক্রম দেশে সম্পূর্ণ নিষিদ্ধ থাকা অবস্থায়, খোদ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এমন ভোল পাল্টানো ও প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ চিঠি নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে হাসির খোরাক ও নিন্দার ঝড় বইছে।

এই চরম স্পর্শকাতর ও নাটকীয় চিঠির বিষয়ে বক্তব্য জানতে ভাণ্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিরাজুল ইসলামের ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিশ্বস্ত সূত্রে খোজ নিয়ে জানা গেছে, বিগত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকেই তিনি গ্রেফতার এড়াতে সুকৌশলে বিদেশে অবস্থান করছেন।

























