ব্যতিক্রমী আয়োজনে নজর কাড়ল প্রেসক্লাব আলফাডাঙ্গা
- আপডেট সময় : ১০:৪৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- / 314
ফরিদপুরের আলফাডাঙ্গায় দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ব্যতিক্রমী সেবামূলক আয়োজন করে স্থানীয় জনগণের নজর কেড়েছে প্রেসক্লাব আলফাডাঙ্গা। আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচির মতো জনহিতকর উদ্যোগ গ্রহণ করে প্রেসক্লাবটি।
শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ রোডের টিএনটি অফিস সংলগ্ন প্রেসক্লাব কার্যালয় এলাকায় কোরআন তিলাওয়াতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়।
প্রেসক্লাবের সভাপতি আরিফুজ্জামান চাকলাদার আপেলের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী অঙ্গনের প্রতিনিধিরা। এদের মধ্যে উপজেলা বিএনপির সহ-সভাপতি এস এম খোসবুর রহমান খোকন, এনসিপির পৌর আহ্বায়ক আরিফুজ্জামান হেলাল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ আরও অনেকে বক্তব্য রাখেন।
বক্তারা প্রেসক্লাব আলফাডাঙ্গার এমন সামাজিক উদ্যোগকে সময়োপযোগী, মানবিক এবং অত্যন্ত প্রশংসনীয় বলে উল্লেখ করেন। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদযাপন করা হয়।
জনসেবায় বিপুল সাড়া
দিবসটিকে কেন্দ্র করে প্রেসক্লাবের উদ্যোগে দিনব্যাপী ছিল জনসেবামূলক কার্যক্রম। ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদান কর্মসূচিতে অংশ নিতে সকাল থেকেই সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।
চিকিৎসা নিতে আসেন নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ। বিশেষ করে রক্তদান কর্মসূচিতে তরুণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আয়োজনটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
প্রেসক্লাব আলফাডাঙ্গার সকল সদস্য পুরো কার্যক্রমে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। তাদের এই ব্যতিক্রমী ও মানবিক আয়োজন স্থানীয়ভাবে ব্যাপক ইতিবাচক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হয়েছে।





















