৫৫তম বিজয় দিবস: নতুন নেতৃত্বের প্রত্যয়ে ফরিদপুরে জামায়াতের যুব র্যালি
- আপডেট সময় : ০৭:০৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
- / 375
মহান বিজয় দিবস উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ফরিদপুরে বর্ণাঢ্য র্যালি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগ। ফরিদপুর ইসলামি ব্যাংকের মোড় থেকে র্যালিটি শুরু হয়ে ফরিদপুর জেনারেল হাসপাতাল ও রাজেন্দ্র কলেজ প্রদক্ষিণ করে স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।
ফরিদপুর মহানগর যুব বিভাগের সভাপতি দেলোয়ার হুসাইন-এর সভাপতিত্বে এই র্যালিতে উপস্থিত ছিলেন জননেতা প্রফেসর আব্দুত তাওয়াব, ফরিদপুর জেলা জামায়াতের আমীর বদরুদ্দীন, নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন, সদর উপজেলা আমীর মোঃ জসিমউদদীন, পৌর জামায়াত আমীর ড. এহসানুল মাহবুব রুবেল, এবং ইসলামী ছাত্রশিবির সভাপতি আকমাল হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

নেতৃত্ব ও সোনার বাংলার প্রত্যাশা
র্যালিতে প্রধান অতিথি প্রফেসর আব্দুত তাওয়াব তাঁর বক্তৃতায় বলেন, ৫৪ বছর আগে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা একটি স্বাধীন ভূখণ্ড পেলেও আজ পর্যন্ত দেশকে উন্নতির শিখরে পৌঁছানো সম্ভব হয়নি। তিনি দেশকে দুর্নীতিমুক্ত করে ‘সোনার বাংলা’ হিসেবে গড়ে তুলতে যোগ্য নেতৃত্বের প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং সম্মিলিতভাবে দেশকে সাজানোর আহ্বান জানান।
বিশেষ অতিথি মু. বদরুদ্দীন বলেন, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ গড়তে হলে এদেশের যুবকদের যুব শক্তিতে পরিণত করতে হবে। দেশ ও জাতি গঠনে যুবকদের দৃঢ়তার সাথে সামনে অগ্রসর হতে হবে।

ধন্যবাদ ও ক্ষমা প্রার্থনা
সভাপতির বক্তব্যে দেলোয়ার হুসাইন র্যালিতে উপস্থিত সকল অতিথিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, পুলিশ প্রশাসন, ট্রাফিক বিভাগ, উপস্থিত সাধারণ জনতা ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান। একই সাথে যান বাহন ও সাধারণ জনগণের চলাচলে সাময়িক অসুবিধার জন্য তিনি ক্ষমা প্রার্থনা করেন।





















