পরকীয়া ও হত্যাচেষ্টার অভিযোগে ফরিদপুরে স্কুল শিক্ষক গ্রেপ্তার
- আপডেট সময় : ১২:০৯:১০ পূর্বাহ্ন, রবিবার, ২২ জুন ২০২৫
- / 1275
ফরিদপুরের সদরপুর উপজেলায় যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নাসির উদ্দিন প্রিন্স নামে এক স্কুল শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ জুন, ২০২৫) বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে, শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃত নাসির উদ্দিন প্রিন্স (৩১) সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের শফিকুল ইসলামের পুত্র এবং উপজেলার ভাষানচর ইউনিয়নের হাওলাদার ডাঙ্গী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
২ মাসের বিয়ে, প্রেম ও যৌতুকের চাপ
থানা সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একই উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরডুবাইল গ্রামের মো. ইস্কান্দার আলীর মেয়ে এবং চর নাছিরপুর ইউনিয়নের জালালপুর কোহিনূর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামছুন্নাহার ইলা তার স্বামী নাসির উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেন। এই মামলায় প্রিন্সের মা নাজমা বেগমকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, শিক্ষক নাসির উদ্দিন প্রিন্সের সঙ্গে মাত্র ২ মাস আগে সামছুন্নাহার ইলার বিয়ে হয়। বিয়ের পর থেকেই সামছুন্নাহার ইলা জানতে পারেন যে, তার স্বামী নাসির উদ্দিন প্রিন্স অন্য এক মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িত। এই সম্পর্কে বাধা দিলে শিক্ষক নাসির উদ্দিন প্রিন্স তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে শুরু করেন এবং মোটা অঙ্কের যৌতুক দাবি করেন। এই টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সামছুন্নাহার ইলাকে মারধর করা হয়। সর্বশেষ গত ২১ এপ্রিল রাতে নাসির উদ্দিন প্রিন্স তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।
পুলিশের পদক্ষেপ
সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান জানান, শিক্ষিকা সামছুন্নাহার ইলা বাদী হয়ে স্বামী নাসির উদ্দিন প্রিন্সের বিরুদ্ধে যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ এনে শুক্রবার মামলা দায়ের করেন। রাতেই অভিযান চালিয়ে প্রিন্সকে গ্রেফতার করা হয় এবং শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।





















